নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের সীমান্তে শীতলক্ষ্যা নদী দখলের অভিযোগে একটি সিমেন্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) তলব করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল শনিবার অধিপ্তরের একটি সূত্র এ কথা জানায়।পরিবেশ অধিদপ্তরের সূত্র জানায়, ‘কেন পরিবেশের ক্ষতিপূরণ আদায়, অবৈধ দখলকৃত নদীর অংশ উদ্ধার, মালামাল জব্দ এবং মামলা দায়ের করা হবে না’ তা জানতে চেয়ে প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে ২৩ এপ্রিল পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।সূত্র জানায়, প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের এমডির কাছে পাঠানো পরিবেশ অধিদপ্তরের নোটিশে বলা হয়, প্রিমিয়ার সিমেন্ট কর্তৃক বিআইডব্লিউটিএর সীমানা পিলার অতিক্রম করে নদী দখলের এ ঘটনায় শীতলক্ষ্যা নদীর পানি ধারণক্ষমতা অবরুদ্ধ, নৌ চলাচল পথ সংকুচিত, প্লাবন ভূমি হ্রাস, মৎস্য ও জলজ সম্পদের ক্ষতি এবং জীববৈচিত্র্য বিনষ্ট হচ্ছে।