সিমেন্ট চুরি ট্রাকসহ আংশিক উদ্ধার চালক পলাতক
চট্টগ্রামের কুমিরা রয়েল সিমেন্ট কারখানা থেকে সিমেন্ট বোঝাই করে চাঁদপুরে অর্ধেক সিমেন্ট নামিয়ে দিয়ে ট্রাকের চালক বাকি অর্ধেক চুরি করে বিক্রির উদ্দেশে ফেনী নিয়ে আসেন। গতকাল শনিবার দুপুরে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রানীরহাট এলাকায় ট্রাক থেকে সিমেন্ট নামানোর সময় পুলিশ আংশিক সিমেন্টসহ ট্রাকটি উদ্ধার করেছে। এ সময় কাগজপত্র নিয়ে চালক মো. বেলাল মিয়া (৩৫) পালিয়ে যান।পুলিশ ও পরিবহন ঠিকাদার সূত্র জানায়, বুধবার রাতে চট্টগ্রামের কুমিরা রয়েল সিমেন্ট কারখানা থেকে একটি ট্রাক (চট্ট-মেট্রো-ট-১১-৩৪৭৭) এক লাখ ৬৬ হাজার টাকা মূল্যের ৪০৪ ব্যাগ সিমেন্ট বোঝাই করে চাঁদপুরের উদ্দেশে রওনা করে। সেখানে দুটি দোকানে সিমেন্টগুলো পৌঁছে দেওয়ার কথা। পরদিন বৃহস্পতিবার চাঁদপুরের একটি দোকানে ২০২ ব্যাগ সিমেন্ট পৌঁছে দিয়ে বাকি ২০২ ব্যাগ সিমেন্ট নিয়ে ট্রাকচালক মো. বেলাল মিয়া ফেনীর লালপুল এলাকায় চলে আসেন। পরে সিমেন্টগুলো রানীরহাট দোস্ত টেক্সটাইল মিলের পাশে নিয়ে বিক্রির চেষ্টা করা হয়। এ সময় ৮১ ব্যাগ সিমেন্ট কিছুটা কম দামে বিক্রি করায় এলাকাবাসীর সন্দেহ হয়। তারা ফেনী থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকসহ ১২১ বস্তা সিমেন্ট উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় ট্রাকচালক মো. বেলাল মিয়া সিমেন্টের কাগজপত্র নিয়ে পালিয়ে যান। আংশিক সিমেন্টসহ ট্রাক উদ্ধারের খবর পেয়ে গতকাল চট্টগ্রামের পাকশী ট্রান্সপোর্টের কর্মচারী মাহমুদুল করিম ফেনী থানায় এসে পৌঁছান। তিনি জানান, রয়েল সিমেন্ট কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় মামলা করা হবে।ফেনী মডেল থানার উপপরিদর্শক রাশেদ খান চৌধুরী ট্রাকসহ সিমেন্ট উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।