সিমেন্ট ছাই ইটের গুঁড়া মিশিয়ে সার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরতলীর বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ভাড়া নিয়ে ভেজাল সার তৈরি করা হচ্ছে। সাদা সিমেন্ট, ছাই ও ইটের গুঁড়ার সঙ্গে বিভিন্ন রাসায়নিক উপাদান মিশিয়ে এ সার প্রস্তুত করা হচ্ছে। একশ্রেণীর অসাধু ব্যবসায়ী ঢাকার সার উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাকেটে এসব সার ঢুকিয়ে নাটোর, বগুড়া, রংপুর, হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন। গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত যশোরের নতুন উপশহর এলাকায় অভিযান চালিয়ে এ রকম একটি ভেজাল সার-কারখানার সন্ধান পেয়েছেন। এ সময় ভেজাল সার তৈরির অভিযোগে একজনকে গ্রেপ্তার ও ভেজাল সার ও কিছু সরঞ্জাম জব্দ করা হয়।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপপরিচালক বিপ্লব কুমার সাহা প্রথম আলোকে বলেন, ভেজাল সার উৎপাদনের সময় যেসব উপাদান ব্যবহার করা হয়, তা মাটির জন্য খুবই ক্ষতিকর। সার তৈরির উপাদান হিসেবে সাদা সিমেন্ট ব্যবহার করা হচ্ছে, যা ফসলের জমিতে ব্যবহারের ফলে মাটি শক্ত হয়ে যায়। এতে মাটির গুণাগুণ নষ্ট হয়। উৎপাদন ব্যাহত হয়। এ ছাড়া সার তৈরিতে সেসব রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়, তা-ও ফসলের জন্য খুব ক্ষতিকর। ভেজাল দস্তা, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি), জিপসামসহ বিভিন্ন ধরনের সার তৈরি করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে নতুন উপশহর এলাকার একটি ভবনের নিচ তলায় ভেজাল সার তৈরির কারখানার সন্ধান পান ভ্রাম্যমাণ আদালত। আদালত এ সময় প্যাকেটজাত করার সময় ওই কারখানার মালিক বাবলুর রহমানকে (৩৫) আটক করে। তাঁর বাড়ি মাগুরার শালিকা উপজেলায়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র নাথ মণ্ডল। এ সময় ওই বাড়ি থেকে তিন হাজার ৪০০ কেজি সলিড ব্রন সার, ৫৯০ কেজি জিংক সালফেট (হেপ্টা) ও ফসলের ভিটামিন জাতীয় উপকরণ প্লান্ট গ্রোথ রেগুলেটর (পিজিআর) ৩৩ হাজার ছয় মিলিলিটার জব্দ করা হয়। এ ঘটনায় ওই দিনই যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রউফ বাদী হয়ে বাবলুর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র নাথ মণ্ডল বলেন, অভিযানের সময় দেখা গেছে আবাসিক এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে বাবলুর রহমান নামের এক ব্যক্তি নিম্নমানের খোলা সার প্যাকেটজাত করছেন। ঢাকার মোল্লা এগ্রো সায়েন্স নামের সার উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের প্যাকেটে ওই সার ঢুকানো হচ্ছিল। ওই সার ও রাসায়নিক উপাদান জব্দ করে বাড়ির একটি কক্ষে সিলগালা করা হয়েছে। পরীক্ষার জন্য জব্দ করা সার ও রাসায়নিক উপাদানের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমন ও ভটভটিতে করে বস্তায় সার এনে ওই বাড়ির একটি কক্ষে প্যাকেটজাত করা হয়। আবাসিক এলাকায় এ ধরনের কাজ করায় রাসায়নিক দ্রব্যের ঝাঁঝালো গন্ধে এলাকায় টেকা যায় না। কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গত ছয় মাসে যশোর জেলায় ৪৪টি প্রতিষ্ঠানে ভেজালবিরোধী অভিযান চালানো হয়। এর মধ্যে ১৫টিই ছিল ভেজাল সার তৈরির কারখানা। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, বাবলুর রহমানকে বৃহস্পতিবারই গ্রেপ্তার করে আমলি আদালতে (ক অঞ্চল) হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদের পর গতকাল শনিবার আদালতে হাজির করা হয়। এ সময় আদালত বাবলুর রহমানকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সদর উপজেলার কৃষি কর্মকর্তা আবদুর রউফ বলেন, এ অঞ্চলের উৎপাদিত ভেজাল সার ট্রাকে করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পাঠানো হয়। নামী কোম্পানির প্যাকেটে করে বিক্রির কারণে কৃষকেরা কেনার সময় বুঝতে পারেন না। ফলন কম হওয়ার পর কৃষকেরা প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন। স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করলে হামলা হওয়ার আশঙ্কা রয়েছে, এ কারণে ভেজালকারী চক্র অন্য এলাকার কৃষকদের কাছে ভেজাল এ সার বিক্রি করে।