সিমেন্টের বস্তা চাপায় দুই শ্রমিক নিহত, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে সিমেন্টের বস্তা চাপায় দুই শ্রমিক নিহত ও তিন শ্রমিক আহত হয়েছেন। আজ বুধবার বিকেলে পুরোনো ফেরিঘাট এলাকায় দুলাল সাহার সিমেন্টের গুদামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর গ্রামের মিলন মিয়া (৩০) ও নরসিংদীর রায়পুরা উপজেলা সদরের মুসলেম মিয়া (৪০)। আহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের হেফজু মিয়া (৩৮), রায়পুরা উপজেলার রামনগর গ্রামের মালেক মিয়া (৫০) ও ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের মোবারক হোসেন (৩০)। গুরুতর আহত অবস্থায় তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল থেকেই শ্রমিকদের মাধ্যমে জাহাজে করে আনা সিমেন্ট গুদামে রাখা হচ্ছিল। বিকেল সাড়ে তিনটার দিকে সিমেন্ট রাখার সময় অন্য পাশ থেকে সিমেন্টভর্তি বস্তার একটি সারি গড়িয়ে পড়লে পাঁচ শ্রমিক চাপা পড়েন। পরে তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার আগেই দুজন মারা যান।

আল আমিন নামে এক শ্রমিক বলেন, আজ দুই ভাগে ভাগ হয়ে ৩৫ জন শ্রমিক কাজ করছিলেন। এক ভাগ শ্রমিক জাহাজ থেকে গুদামে, আরেক ভাগ গুদাম থেকে ট্রাকে তুলছিলেন। হতাহতরা ছিলেন গুদাম থেকে ট্রাকে তোলার দায়িত্বে। একপর্যায়ে সারি করা বস্তাগুলো পড়তে থাকে এবং তাঁরা বস্তার নিচে চাপা পড়ে যান।

ওই ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক রঘুবীর সাহা বলেন, হতাহতরা তাঁদের প্রতিষ্ঠানে অনেক বছর ধরে কাজ করছিলেন। বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে তাঁরা মানবিক দিক থেকে বিবেচনা করবেন বলে জানান।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।