সিমেন্টের বস্তাচাপায় নিহতদের চার লাশ রাজবাড়ীতে দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সদর উপজেলায় নির্মাণাধীন একটি পার্কের গুদামে সিমেন্টের বস্তায় চাপা পড়ে নিহত শ্রমিকদের চারজনকে রোববার রাতে রাজবাড়ীতে দাফন করা হয়েছে।ওইদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় আকু মুন্সী (৫০) ও রাকিব মুন্সীর (২০) মরদেহ রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের রশোড়া গ্রামে এসে পৌঁছায়। স্বামী ও সন্তান হারানো রেখা বেগম ওই ঘটনার বিচার দাবি করলেও আকু ও রাকিবের মরদেহ আসার পর বারবার মূর্ছা যাচ্ছিলেন। মাগরিবের নামাজের পর স্থানীয় রশোড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে মুন্সীবাড়ির পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়। দাদসী ইউনিয়নের আগমারাই গ্রামের শ্রমিক জাহিদের মরদেহ বাড়িতে পৌঁছায় সন্ধ্যা সাড়ে সাতটায়। এ সময় ওই এলাকাতেও নেমে আসে শোকের ছায়া। বাড়ির উঠানে রাত ১০টায় জানাজা শেষে নিজাতপুর গায়েবি মসজিদ কবরস্থানে তাঁকে দাফন করা হয়। শ্রমিকদের মরদেহ বহনকারী গাড়ি গোয়ালন্দ উপজেলা পরিষদের মাঠে আসার পর সেখান থেকে আছের উদ্দিন নামের অপর শ্রমিকের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে দেবগ্রামের হাওড়িকোউটিল গ্রামের নানাবাড়িতে নেওয়ার পর তাঁর দাফন সম্পন্ন হয়।