রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ভবনের নির্মাণকাজে ব্যবহূত সিমেন্টের বস্তার ভেতর বালু পাওয়া গেছে। এর পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্মাণকাজ স্থগিত করে। আইবিএ সূত্রে জানা যায়, নিজস্ব অর্থায়নে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার দরপত্রে ছয় তলাবিশিষ্ট ভবনের দ্বিতীয় তলা পর্যন্ত নির্মাণকাজ দেওয়া হয় এনএইচ কনস্ট্রাকশন এবং এইচএম কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ছয় মাস আগে প্রতিষ্ঠান দুটি কাজ শুরু করে।গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নির্মাণকাজ পরিদর্শনে যান আইবিএর পরিচালক অভিনয় চন্দ্র সাহা, আখতার উদ্দীন, হাছানাত আলীসহ কয়েকজন প্রকৌশলী। এ সময় তাঁরা সিমেন্টের বস্তা খুলে সিমেন্টের সঙ্গে বিপুল পরিমাণ বালুর মিশ্রণ দেখতে পান। এর পরপরই নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ বন্ধ করে দেন তাঁরা। জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান এনএইচ কনস্ট্রাকশনের মালিক হাবিবুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। ভবনটি নির্মাণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত আছে এইচএম কনস্ট্রাকশন। ঘটনাটি সত্যি হলে আইবিএ কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত দেবে, তা আমরা মেনে নেব।’