সিমেন্টের ব্যাগে লেখা অনুভূতি বেরোল বই আকারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বই হাতে মুকুল হোসেন।
বই হাতে মুকুল হোসেন।

গল্প, কবিতা ও লেখনীর মাধ্যমে নিজের অব্যক্ত কথাগুলো অন্যর কাছে তুলে ধরা যায়। কাগজের অভাবে সিমেন্টের বস্তার কাগজে মনের কথা লিখে রাখতেন সিঙ্গাপুরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করা বাংলাদেশের মো. মুকুল হোসেন। তাঁর সেসব কথাই এবার বই আকারে বের হয়েছে।

বাংলাদেশের লালমনিরহাট থেকে বিদেশে পাড়ি দেওয়া, কর্মস্থান, কাজ করতে গিয়ে বসের রোষানলে পড়াসহ মো. মুকুল হোসেনের নানান সমস্যা তুলে ধরে দেশটির দ্য স্টার অনলাইন এবং দ্য স্ট্রেইটস টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে মুকুলের বই প্রকাশ এবং এর পেছনের গল্প তুলে ধরা হয়েছে।
খবরে বলা হয়েছে, মো. মুকুল হোসেন নির্মাণশ্রমিক হিসেবে কাজ করেন সিঙ্গাপুরের একটি নির্মাণ প্রতিষ্ঠানে। লেখালেখির অভ্যাস থাকায় সাবেক বসের রোষানলে পড়েন তিনি। বস রাগ করে বেতনের অংশ কেটে রাখার ভয়ও দেখিয়েছিলেন। এরপর থেকে ২০১৪ সালে সিমেন্টের বস্তার কাগজে নিজের অব্যক্ত কথা এবং কবিতার লাইনগুলো লিখে রাখতেন মুকুল হোসেন। সেসব কবিতা নিয়ে এ মাসের ১ তারিখে একটি বই বের হয়েছে। স্থানীয় প্রকাশক ‘এথস বুক’ মুকুল হোসেনের ‘আমি অভিবাসী’ নামের কবিতার ওই বই প্রকাশ করেছে। সিঙ্গাপুরে মুকুল হোসেন প্রথম কোনো বিদেশি, যাঁর বই প্রকাশিত হলো। সিমেন্ট ব্যাগে লেখা তাঁর কবিতা এখন কাগজে মানে ছাপা আকারে মলাটবদ্ধ বইয়ে পড়া যাবে।
মুকুলের কবিতার বইটি সিঙ্গাপুরের একজন কবি সাইরিল ওং ইংরেজিতে অনুবাদ করে নাম দিয়েছেন ‘মি মাইগ্রেন্ট’। বইটি ইংরেজিতে প্রকাশের জন্য মুকুল হোসেনকে গ্রন্থস্বত্ব বাবদ ৫০০ ডলার দেওয়া হয়েছে। সিঙ্গাপুরের যে প্রতিষ্ঠানে নির্মাণশ্রমিক হিসেবে তিনি কাজ করেন, এ অর্থ তাঁর মাসিক বেতনের অর্ধেক।
দিনভর পরিশ্রমের পর ঘুমাতে যান মুকুল। পরিশ্রমের কারণে অন্যরা যখন বেঘোর ঘুমে, তখন মাঝেমধ্যে রাত তিনটার দিকে ঘুম থেকে উঠে মুকুল লিখতে বসে যান কবিতা। মুকুল হোসেন মনে করেন, কাজের বাইরে যাঁরা (বিদেশি কর্মীদের) অন্য অনেক কিছু করতে পছন্দ করেন, তাঁদের জন্য এটা একটা বার্তা। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি অন্য একটি দেশে বাস করছি। কঠোর পরিশ্রমের কাজ করতে গিয়ে আমরা অনুভূতিগুলো ভুলতে বসেছিলাম। এটা আমার পরিবার এবং বন্ধুদের কথা মনে করার একটি উপায়ও।’
মুকুল হোসেন তাঁর সাবেক বসের অন্যায়ের বিরুদ্ধে কিছু কথা একটি কবিতায় লিখেছেন। তিনি বলেন, ‘আমি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই...আমি গরিবদের রাজা হতে চাই।’ অন্য একটি কবিতায় মায়ের জন্য তাঁর মন যে কাঁদে, তা ফুটে উঠেছে। ব্যাপারটিকে তিনি ‘অশেষ নির্জনতা’ এবং ‘আটকে পড়া অভিবাসী’ হিসেবে মূল্যায়ন করেছেন।

কষ্টে ভরা বিদেশ পাড়ির কাহিনি
মো. মুকুল হোসেনের গ্রামের বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ি গ্রামে। ১২ বছর বয়স থেকে তাঁর কবিতা লেখা শুরু। দেশে তাঁর দুটি কবিতার বই আছে। মুকুলেরা নয় ভাইবোন। বাবা-মায়ের সর্বকনিষ্ঠের মধ্যে তিনি দ্বিতীয় সন্তান। ছোটবেলা থেকেই গায়ক বা লেখক হওয়ার স্বপ্ন ছিল মুকুলের। কৃষক পরিবারে জন্ম হওয়ায় তাঁকে বিশ্ববিদ্যালয়ে পাঠানোর সামর্থ্য ছিল না পরিবারের। এ জন্য স্বপ্নের বাস্তব রূপ দিতে তিনি পাড়ি জমান বিদেশে। কিন্তু সেটিও ঝঞ্ঝাটমুক্ত ছিল না।
জমি বিক্রির টাকায় কাজের খোঁজে ২০০৮ সালে সিঙ্গাপুর যাওয়ার উদ্যোগ নেন মুকুল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস পিছু ছাড়েনি। তিনি যে প্রতিষ্ঠানে কাজ করতে যাবেন বলে ঠিক হয়েছিল, সেটি দেউলিয়া হওয়ায় তাঁর কাজের অনুমতিপত্র বাতিল হয়ে যায়। এ কারণে জমি বিক্রি করে জমা দেওয়া পুরো টাকাই পানিতে গেল। এ সময় উৎসাহ দিতে গিয়ে তাঁর বাবা বলেন, ‘চিন্তা করবি না। প্রয়োজনে আমার রক্ত বিক্রি করে হলেও তোর স্বপ্ন পূরণ করব।’
এরপরের বছর দ্বিতীয়বার মুকুল হোসেনকে বিদেশ পাঠানোর উদ্যোগ নেয় তাঁর পরিবার। এবার টাকা জোগাড় করা হয় মায়ের সোনার হার বিক্রি করে। কিন্তু বিমানবন্দরে গিয়ে মুকুল জানতে পারেন, তাঁর টিকিট বাতিল করা হয়েছে। কারণ, ওই প্রতিষ্ঠান কাজের অনুমতিপত্র প্রত্যাহার করা নিয়েছে। ওই বিপদের সময় তিনি তাঁর এজেন্টকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না।
ওই সময়ের দুঃখের কথা বর্ণনা করে মুকুল বলেন, ‘ওই সময় আমার অবস্থা ছিল খুব বাজে। অধিকাংশ সময় আমার কক্ষে বসে কাঁদতাম। কাউকে আমার মুখ দেখাতে পারতাম না। কারণ, মানুষ জানতে চাইত, সিঙ্গাপুর আসতে তুমি কেন এত টাকা খরচ করলে। কিছুই তো করতে পারলে না?’
২০১০ সালে মুকুল সিঙ্গাপুরে একটি নির্মাণ প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। প্রচণ্ড রোদ এবং ভারী লোহা বহনের মুকুলের বেশ কষ্ট হতো। ওই সময়ের কাজের বর্ণনা দিয়ে মুকুল হোসেন বলেন, ‘আমি দেশে ছিলাম কলেজছাত্র। প্রচণ্ড গরমের কারণে কাজের চতুর্থ দিনে এত দুর্বল হয়ে পড়ি যে মূর্ছা যাওয়ার মতো অবস্থা হয়েছিল।’ অনেকের সঙ্গে গাদাগাদি অবস্থায় মেঝেতে ঘুমাতে হতো, তাই ঘুমাতে পারতেন না মুকুল। সেখান খাওয়ায় সমস্যা হতো। তিনি বলেন, ‘খাবার ছিল দুর্গন্ধযুক্ত এবং চাল কম সেদ্ধ হতো।’
মুকুল লেখনীর মাধ্যমে তার কষ্টের বর্ণনা তুলে ধরার চেষ্টা করেছেন। লেখার জন্য নোটবুক কাছে রাখতে পারতেন না, কারণ সেই সামর্থ্য তাঁর নেই। তিনি একটি কলম কাছে রাখতেন। কাজের ফাঁকে কবিতার লাইন মনে এলেই সিমেন্টের ব্যাগের কাগজে লিখে রাখতেন। এরপর সুযোগ পেলেই তাঁর সহকর্মীদের মোবাইলে সেই লেখাগুলোর ছবি তুলে রাখতেন।
এরপর ধীরে ধীরে সিঙ্গাপুর পছন্দ হয়ে যায় মুকুল হোসেনের। স্থানীয় মাসিক বাংলা পত্রিকা ‘বাংলার কণ্ঠ’-এ তাঁর কবিতা ছাপা শুরু হয়। যাতায়াত শুরু হয় সাহিত্য সভাগুলোতেও। এখন তিনি ছোটগল্প লিখছেন। এরপর ছোটগল্পের বই বের করার ইচ্ছা আছে মুকুল হোসেনের।
দ্য স্টার অনলাইন এবং দ্য স্ট্রেইটস টাইমসকে মুকুল হোসেন বলেন, ‘আমার বাবা প্রকৌশলী, আইনজীবী বা পাইলট নন। কিন্তু আমি চাই, বাবা একদিন বলবেন যে “আমার ছেলে একজন বিখ্যাত লেখক।”’