সিমের আবার নিবন্ধন নিয়ে মন্ত্রণালয় ও বিটিআরসির ভিন্নমত
সব মুঠোফোন গ্রাহককে আবারও নির্ধারিত ফরমে নিবন্ধন করতে হবে। মুঠোফোন ব্যবহার করে সংঘটিত নানা ধরনের অপরাধ বন্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ নিয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিআরসির মধ্যে ভিন্নমত পাওয়া যাচ্ছে। মন্ত্রণালয় বলেছে, মুঠোফোন সিমের সব গ্রাহককে আবার নিবন্ধন করতে হবে। আর বিটিআরসি বলছে, যাঁদের নিবন্ধন রয়েছে, তাঁদের আর করতে হবে না।
গত রোববার ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের বৈঠকে সিম নিবন্ধনের এ সিদ্ধান্ত হয়। দু-এক দিনের মধ্যে এ-সম্পর্কিত নির্দেশনা সংশ্লিষ্ট সব দপ্তর ও মোবাইল অপারেটরদের কাছে পাঠানো হবে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, সিম নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। তাই যেসব গ্রাহকের নিবন্ধন নেই বা নিবন্ধনের ক্ষেত্রে সমস্যা রয়েছে, তাঁদের আবারও নিবন্ধন করতে হবে। সবাইকে নয়। তবে মন্ত্রণালয় চাইলে বিটিআরসি সেভাবে কাজ করবে।
এর আগে ২০০৮ ও ২০১০ সালে অপারেটরদের চিঠি দিয়ে সিম নিবন্ধন নিশ্চিত করার নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থা। এর মধ্যে ২০০৮ সালে দেওয়া নির্দেশনায় বিক্রি করা অনিবন্ধিত সিম পাওয়া গেলে ওই অপারেটরকে সিমপ্রতি ৫০ ডলার জরিমানা করার সিদ্ধান্ত হয়।
২০১২ সালের এপ্রিলে মুঠোফোন সংযোগ কেনার সময় জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করে বিটিআরসি। সিম নিবন্ধন বিষয়ে বিটিআরসির দেওয়া নির্দেশনায় বলা হয়, অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ গ্রাহক নিবন্ধন তথ্যের জন্য সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটর দায়ী থাকবে। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইস ব্যবহার উপযোগী না হওয়া পর্যন্ত ম্যানুয়াল ব্যবস্থায় এসব তথ্য যাচাই করে গ্রাহকের পরিচয় নিশ্চিত করতে হবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর সংযোগ চালু করতে হবে তাদের। ২০১৪ সালের ১ এপ্রিল হাইকোর্ট নিবন্ধন ছাড়া বিক্রি করা সিম কার্ড অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন।
অনিবন্ধিত সিম কার্ড ব্যবহার করে মুঠোফোনে হুমকি দিয়ে চাঁদাবাজি, ব্ল্যাকমেলিংয়ের পাশাপাশি অনেক অপরাধ ঘটে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের বিভিন্ন পর্যায়ে তুলে ধরেছে। এ ছাড়া অবৈধ আন্তর্জাতিক কল আদান-প্রদানও এসব সিম ব্যবহার করে পরিচালনা করা হয়। একাধিকবার নির্দেশনা ও নিবন্ধন প্রক্রিয়া চালিয়ে এ সমস্যার সমাধান করতে পারেনি বিটিআরসি।
এরই পরিপ্রেক্ষিতে গত রোববারের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সব মুঠোফোন গ্রাহককে আবারও নির্ধারিত ফরমে নিবন্ধন করতে হবে। প্রতিটি সিম কার্ড যথাযথ নিবন্ধনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা ফাঁকির সুযোগ দেওয়া হবে না। সে জন্য বিশেষভাবে তদারক করা হবে। গ্রাহকদের দেওয়া তথ্য জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে দেখা হবে। এ জন্য জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে মোবাইল ফোন অপারেটরদের প্রবেশের সুযোগ দিতে নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তি করা হবে।
পাশাপাশি সিম কার্ডের ডিলার ও খুচরা বিক্রেতাদেরও তালিকা করা হবে। মোবাইল ফোন অপারেটরদের কাছ থেকে এ তালিকা নেওয়া হবে। সে অনুযায়ী তাঁরা নিবন্ধিত হবেন। নতুন সিম কার্ড বিক্রির ক্ষেত্রে গ্রাহককে অবশ্যই যে বিক্রেতার কাছ থেকে সিম কার্ড কিনেছেন, তার প্রমাণ সংগ্রহ করতে হবে। নতুন গ্রাহকের সিম কার্ডের নিবন্ধনের ক্ষেত্রে বিক্রেতার নাম, ঠিকানাও তথ্য হিসেবে সংরক্ষণ করতে হবে মোবাইল ফোন অপারেটরদের।
বিটিআরসির হিসাব অনুযায়ী, জুলাই মাস পর্যন্ত দেশে মুঠোফোনের গ্রাহকসংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার। মোবাইল ফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএর (গ্রুপ স্পেশাল মোবাইল অ্যাসোসিয়েশন) তথ্য অনুযায়ী বাংলাদেশে ইউনিক বা একক মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৭০ লাখ। এখানে এক ব্যক্তির একাধিক সিম কার্ড থাকলেও তাঁকে একক ব্যবহারকারী হিসেবেই গণ্য করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি মোবাইল কোম্পানির একাধিক কর্মকর্তা জানান, বর্তমানে দেশের মুঠোফোন ব্যবহারকারী ৭০ শতাংশ গ্রাহকের সিমের নিবন্ধন যথাযথ নয়।