সিম কার্ডের পুনর্নিবন্ধন নিয়ে প্রতিদিনই সিদ্ধান্ত বদলে যাচ্ছে। গত বুধবার বলা হয়েছিল, সব সিম কার্ডের পুনর্নিবন্ধন করতে হবে। আবার গতকালই সে সিদ্ধান্ত পরিবর্তন করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানাল, সব সিমের পুনর্নিবন্ধন লাগবে না।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার মোবাইল অপারেটরদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে সিম কার্ড নিবন্ধনের বিষয়ে নতুন এ সিদ্ধান্ত সাংবাদিকদের জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, মানুষের ভোগান্তি কমানোর জন্য সিম নিবন্ধনের আগের সিদ্ধান্তে খানিকটা পরিবর্তন আনা হয়েছে।
গতকালের এ বৈঠকে বিটিআরসির ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার থেকে তথ্য নিয়ে মোবাইল অপারেটররা গ্রাহকের নিবন্ধন সঠিক আছে কি না, সেটি যাচাই করবে। এ যাচাই প্রক্রিয়া শেষে যেসব সিম কার্ডের নিবন্ধনের তথ্য মিলবে না অথবা যেসব সিমের ভুয়া নিবন্ধন পাওয়া যাবে, সেসব ব্যবহারকারীকে খুদে বার্তার মাধ্যমে সতর্কবার্তা দেওয়া হবে। এরপর যাঁরা সঠিকভাবে নিবন্ধন করবেন না, তাঁদের সিম কার্ড বন্ধ করে দেওয়া হবে।
তারানা হালিম বলেন, মোবাইল অপারেটরদের সিম কার্ড ব্যবহারকারী সম্পর্কে যাবতীয় তথ্য নির্বাচন কমিশনকে সরবরাহ করতে হবে। প্রতিমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়ন করতে হলে মোবাইল অপারেটরদের গ্রাহক-সম্পর্কিত তথ্যভান্ডার নতুন করে গড়ে তুলতে হবে।
সব সিমের পুনর্নিবন্ধনের সিদ্ধান্তটি নিয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মধ্যে ভিন্নমত দেখা দেয়। গত রোববার প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, সিম কার্ড ব্যবহারের মাধ্যমে অপরাধ বন্ধ এবং নিরাপত্তার স্বার্থে সব সিমই নতুন করে নিবন্ধন করতে হবে।
এ বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করে বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, সিম নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। তাই যেসব গ্রাহকের নিবন্ধন নেই বা নিবন্ধনের ক্ষেত্রে সমস্যা রয়েছে, তাঁদের আবার নিবন্ধন করতে হবে, সবাইকে নয়।
বিটিআরসির চেয়ারম্যানের এ বক্তব্যকে নাকচ করে তারানা হালিম কয়েক দিন ধরেই বলে আসছিলেন, সব সিমেরই পুনর্নিবন্ধন করতে হবে। সর্বশেষ গতকাল বুধবারও তিনি বলেন, ‘যাঁরা আগে নিবন্ধন করেছেন, পুনর্নিবন্ধনে তাঁদের কিছুটা কষ্ট স্বীকার করতে হবে।’ সব মোবাইল ফোন সিমের পুনর্নিবন্ধন প্রক্রিয়া আগামী রোববার থেকে শুরুর কথাও জানান তিনি। পুনর্নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে বিটিআরসিকে ইতিমধ্যে চিঠিও দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
বিটিআরসির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে মোট সিম কার্ডের সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ।