ছবি তুলে ২২ জনের হাতে সিম্ফনির ট্যাব-স্মার্টফোন

বাংলাদেশে হয়ে গেল ‘চার-ছক্কা হই হই’-এর টিয়োন্টি বিশ্বকাপ আয়োজন। বিশ্বকাপের সময় খেলা দেখে, ছবি তুলে, আনন্দে-আড্ডায় মেতেছিলেন অনেকেই। এ সময় সিম্ফনি আর প্রথম আলো যৌথভাবে আয়োজন করেছিল ‘ক্যাচ দ্য মোমেন্ট’ প্রতিযোগিতার। এই প্রতিযোগিতায় নিজেদের মজার মজার ছবি তুলে অংশ নিয়েছিলেন অনেকেই। সিম্ফনি-প্রথম আলো ‘ক্যাচ দ্য মোমেন্ট’ ফটো কনটেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হলো আজ।
প্রথম আলো অডিটরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ১৯ জন পেলেন সিম্ফনি এক্সপ্লোরার ডব্লিউ১২৮ মডেলের স্মার্টফোন আর তিনজন বিশেষ পুরস্কার বিজয়ী পেলেন একটি সিম্ফনি এক্সপ্লোরার জেড৩ স্মার্টফোন ও দুটি সিম্ফনি টিআই ট্যাব।
সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত, সিম্ফনির প্রধান বিপণন কর্মকর্তা মো. রফিক উদ্দিন, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
১৬ মার্চ থেকে ৬ এপ্রিল সিম্ফনি ও প্রথম আলো যৌথ এ আয়োজনে অংশগ্রহণের জন্য প্রতিযোগীরা বিশ্ববিদ্যালয়, স্টেডিয়ামসহ টি-টোয়েন্টি উপভোগের মজার ছবি তুলে www.catchthemoment.com.bd ওয়েবসাইটে আপলোড করেন। প্রতিদিন ফেসবুকে সর্বোচ্চ লাইক ও ছবির বিষয়বস্তু বিবেচনায় প্রতিদিন বিজয়ী নির্বাচন করা হয়। পুরো প্রতিযোগিতার সময় ধরে সর্বোচ্চ লাইক পাওয়া তিনটি ছবি জিতেছে বিশেষ পুরস্কার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসন গ্রুপের সিম্ফনির প্রধান বিপণন কর্মকর্তা মো. রফিক উদ্দিন, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক ও বার্তা সম্পাদক সেলিম খান।
আনিসুল হক বলেন, ‘যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো।’ প্রথম আলোর আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য সকলে ধন্যবাদ দেন তিনি।
ভবিষ্যতে ফুটবল বিশ্বকাপের সময় আরও বড় আয়োজনের কথা জানিয়ে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান সেলিম খান।
সিম্ফনির কর্মকর্তা মো. রফিক উদ্দিন বলেন, ‘প্রথম আলোর এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমরা আনন্দিত।’
প্রতিযোগিতায় বিশেষ পুরস্কার বিজয়ী মো. সায়েম বলেন, ‘বাংলাদেশ বনাম নেপালের ম্যাচের দিন মজা করতে করতেই ছবিটি তুলে এই প্রতিযোগিতায় জমা দিয়েছিলাম। গ্রান্ড পুরস্কার জেতায় আমি খুব খুশি। প্রথম আলো ও সিম্ফনিকে ধন্যবাদ।’