সিরডাপের চেয়ারম্যান নির্বাচিত হলেন সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের (সিরডাপ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আগামী দুই বছর এই দায়িত্বে থাকবেন। গতকাল সোমবার সিরডাপভুক্ত দেশগুলোর দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের পাঁচ দিনব্যাপী সম্মেলনের গভর্নিং কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়। ইরানের পল্লী উন্নয়ন মন্ত্রী জে খালেঘারি সিরডাপের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। হোটেল শেরাটনের বলরুমে অনুষ্ঠিত গভর্নিং কাউন্সিলের সভায় ১১টি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে সৈয়দ আশরাফুল ইসলাম চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় মন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সিরডাপ স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাবে। এ ক্ষেত্রে সব সদস্য রাষ্ট্রের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে সিরডাপভুক্ত রাষ্ট্রগুলোর সার্বিক উন্নয়নের জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।