সিরাজ-লতিফ-আকরামের রায় যেকোনো দিন
বাগেরহাটের শেখ সিরাজুল হক, আবদুল লতিফ তালুকদার ও খান মো. আকরাম হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আজ মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১এ এই মামলার কার্যক্রম শেষ হয়। পরে রায় ঘোষণা অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।
গত ৫ নভেম্বর এই মামলায় অভিযোগ গঠন করে আদেশ দেন ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।
অভিযোগ গঠনের আদেশ অনুসারে, মুক্তিযুদ্ধকালে সিরাজ মাস্টার নামে পরিচিত সিরাজুল হক ছিলেন তৎকালীন বাগেরহাট মহকুমা রাজাকারবাহিনীর ডেপুটি কমান্ডার। লতিফ ও আকরাম বাগেরহাট রাজাকারবাহিনীর সদস্য ছিলেন।
সাত অভিযোগ: প্রথম অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ১৩ মে সিরাজুল হকের নেতৃত্বে রাজাকারবাহিনী দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাগেরহাটের রণজিৎপুর গ্রামে হামলা চালিয়ে ঘরবাড়ি লুট ও অগ্নিসংযোগ করে। এ সময় ৪০-৫০ জন হিন্দুকে হত্যা করা হয়।
দ্বিতীয় অভিযোগ অনুসারে, মুক্তিযুদ্ধকালে ভারতের শরণার্থীশিবিরে যেতে বাগেরহাটের রামপাল উপজেলার ডাকরা গ্রামের কালীমন্দিরে দুই-তিন হাজার হিন্দু জড়ো হয়েছিলেন। একাত্তরের ২১ মে বেলা তিনটা থেকে পাঁচটার মধ্যে সিরাজুল হকের নেতৃত্বে রাজাকাররা ওই হিন্দুদের ওপর হামলা চালালে ৬০০-৭০০ জন গণহত্যার শিকার হন।
তৃতীয় অভিযোগ, ১৯৭১ সালের ১৮ জুন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত সিরাজুল হকের নেতৃত্বে রাজাকার ও পাকিস্তানি সেনারা বাগেরহাট সদর উপজেলার বেসরগাতী, কান্দাপাড়া ও কান্দাপাড়া বাজার এলাকার ২০ জনকে অপহরণের পর আটকে রেখে নির্যাতন ও হত্যা করা হয়। ওই ২০ জনের মধ্যে একজন ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান।
চতুর্থ অভিযোগ, একাত্তরের ১৪ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি, চুলকাঠি বাজার ও ঘনশ্যামপুর এলাকায় হামলা চালিয়ে ৫০টি ঘর লুট ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় সিরাজুল হকের নেতৃত্বে রাজাকাররা সাতজনকে হত্যা করে।
পঞ্চম অভিযোগ, একাত্তরের ৫ নভেম্বর দুপুর ৩টার দিকে সিরাজুল হক, লতিফ ও আকরামের নেতৃত্বে রাজাকাররা বাগেরহাটের কচুয়া উপজেলার থানার শাখারিকাঠিতে হামলা চালিয়ে ৪২ জনকে আটক করে। পরে আটক করা ব্যক্তিদের নির্যাতন ও হত্যা করা হয়। এ সময় অনেক বাড়ির মালামাল লুট করে ঘরে আগুন দেওয়া হয়।
ষষ্ঠ অভিযোগ অনুসারে, ১৯৭১ সালের ২২ অক্টোবর সকাল ১০টার দিকে সিরাজসহ তিনজনের নেতৃত্বে রাজাকাররা কচুয়া থানা সদরের বিভিন্ন গ্রাম থেকে নিরস্ত্র পাঁচজনকে আটক করে তাঁদের নির্যাতন ও হত্যা করে।
সপ্তম অভিযোগে বলা হয়, একাত্তরের ১৩ ডিসেম্বর সন্ধ্যা সাতটার দিকে আবদুল লতিফ তালুকদার ও খান মো. আকরামের নেতৃত্বে রাজাকাররা বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতীতে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান শিকদারকে আটক, নির্যাতন ও হত্যা করে।