সিরাজ, লতিফ ও আকরামের বিরুদ্ধে বিচার শুরু
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের সিরাজুল হক, আবদুল লতিফ তালুকদার ও খান মো. আকরাম হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়েছে।
আগামী ২ ডিসেম্বর তাঁদের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরুর তারিখ ধার্য করা হয়েছে।
আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। খবর বাসসের।
আজ সকালে কারাগার থেকে তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযোগ উপস্থাপনের পর ট্রাইব্যুনাল আসামিদের কাছে দোষী না নির্দোষ জানতে চাইলে তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন।
গত ১৪ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ সায়েদুল হক ও শেখ মোশফেক কবীর তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক (ফরমাল চার্জ) অভিযোগপত্র জমা দেন। অভিযোগের সঙ্গে তদন্ত প্রতিবেদন, সাক্ষীদের জবানবন্দি, দালিলিক তথ্য-প্রমাণ ও সংশ্লিষ্ট নথিপত্র জমা দেওয়া হয়।
ওই সময় কৌঁসুলি সায়েদুল হক সাংবাদিকদের জানিয়েছিলেন, সিরাজুল হকসহ তিনজনের বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে চারটি অভিযোগে শুধু সিরাজুল হকের সংশ্লিষ্টতা রয়েছে। দুটি অভিযোগে যৌথভাবে লতিফ তালুকদার ও আকরাম হোসেনের সংশ্লিষ্টতা ও বাকি দুটি অভিযোগে তিনজনেরই সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
গত ২৫ আগস্ট মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা এই তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দেয়। সংস্থাটি জানায়, একাত্তরের ১৩ মে বাগেরহাট সদর থানার রণজিতপুর গ্রামে ৪০-৫০ জন হিন্দুকে হত্যা, ২১ মে রামপালের ডাকরা কালীমন্দিরে ৬০০-৭০০ হিন্দুকে গণহত্যা, ১৮ জুন সদর থানার বেসরগাতী ও কান্দাপাড়া এলাকায় ১৯ জনকে হত্যা এবং ১৪ অক্টোবর সদর থানার চুলকাঠিতে সাতজনকে হত্যার সঙ্গে সিরাজুল হকের সংশ্লিষ্টতা রয়েছে। একাত্তরের ৫ নভেম্বর কচুয়ার শাঁখারীকাঠি হাটে ৪২ জনকে হত্যা এবং ২২ নভেম্বর কচুয়া সদরে পাঁচজনকে হত্যার সঙ্গে তিনজনেরই সংশ্লিষ্টতা মিলেছে। আর একাত্তরের জুলাই মাসের শেষে শাঁখারীকাঠি ও আশপাশের এলাকায় ২০০ হিন্দুকে ধর্মান্তরিত করা এবং ১৩ ডিসেম্বর এক মুক্তিযোদ্ধাকে আটকে রেখে নির্যাতন করে হত্যার ঘটনার সঙ্গে লতিফ তালুকদার ও আকরাম হোসেনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
রাষ্ট্রপক্ষ জানায়, সিরাজুল হক এলাকায় সিরাজ মাস্টার নামেও পরিচিত। একাত্তরের নৃশংসতার জন্য তিনি ‘সিরাজ কসাই’ নামে পরিচিতি পান।
সিরাজুল হকসহ তিন আসামিই এখন কারাগারে আছেন। গত ১০ জুন এই তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল-১ গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ওই রাতেই আবদুল লতিফ বাগেরহাট থেকে গ্রেপ্তার হন। আকরাম হোসেন এলাকা ছেড়ে পালান, পরে ২০ জুন তাঁকে রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়। আর আত্মগোপনে থাকা সিরাজুল হক ২১ জুলাই বাগেরহাট সদর থানার ডেমা গ্রাম থেকে গ্রেপ্তার হন।