সিরাজগঞ্জ, পঞ্চগড় ও গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ১, আহত ৬০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দহকুলা গ্রামে সেচযন্ত্র বসানোকে কেন্দ্র করে গতকাল শনিবার দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে শুক্রবার শ্রমিক লীগ ও জাতীয় শ্রমিক পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়। এ সময় পুলিশ সুপারের গাড়িসহ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। একই দিন গোপালগঞ্জের সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ ২৫ জন আহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর;সিরাজগঞ্জ: উপজেলার দহকুলা গ্রামের ইমারত আলীর সেচযন্ত্রের আওতায় একই গ্রামের আবদুল কাদের গতকাল সকাল ১০টায় সেচযন্ত্র বসাতে যান। এ সময় ইমারত আলীর লোকজন বাধা দিলে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের আনোয়ার, সাগর, হাফিজুর, নজরুল, মকবুল, নবী, মোতালেব, আজিজল ও বকুলসহ ২৫ জন আহত হন। সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে দহকুলা গ্রামের নজরুল (৪৫) মারা যান। আহত অন্যান্যদের গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। দেড় ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পঞ্চগড়: পঞ্চগড় চিনিকলে সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক, জাতীয় শ্রমিক পার্টির নেতা আবদুল ওয়াহাব, সদস্য কাবুল ও শহিদুল রয়েছেন। আবু সালেককে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। গোপালগঞ্জ: সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখরিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন পাইককান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কুলসুম বেগম (৩৫), নুরু খাঁ (৩৬), হাবিব মোল্লা (৩৪), বাবুল মোল্লা (৩৫), মহর শেখ (৪০) ও ইদ্রিস শেখ (৫০)। এ ঘটনায় পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।