সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়ার সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ
রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ায় পূর্বনির্ধারিত সময়ের ১১ ঘণ্টা আগেই সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া জেলার সব সিএনজি স্টেশন এবং শিল্প ও বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়েছে। গতকাল শনিবার বেলা একটার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের বাল্ব খুলে দিয়ে গ্যাস সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ শুরু করা হয়।গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জেটিসিএল) বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে উচ্চক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইনের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ১৯ নভেম্বর রাত ১২টার দিকে গ্যাস সরবরাহ বন্ধ করে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করে। একই সময় পশ্চিমাঞ্চলীয় গ্যাস বিপণন কোম্পানি সিরাজগঞ্জ শহরে উচ্চক্ষমতাসম্পন্ন লাইনের সংযোগ স্থাপনের জন্য কাজ শুরু করে। এই দুটি কাজের জন্য সময় নির্ধারণ করা হয় ২০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ের ১১ ঘণ্টা আগেই গতকাল দুপুরে কাজ শেষ হওয়ায় জাতীয় সঞ্চালন লাইনের সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া জেলায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে।সিরাজগঞ্জের পশ্চিমাঞ্চলীয় গ্যাস বিপণন কোম্পানির বিপণন বিভাগের ব্যবস্থাপক মহিবুর রহমান জানান, গতকাল বেলা একটা থেকে সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ শুরু করা হয়েছে। রাত আটটার মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।