সিরাজগঞ্জ, রাজশাহী ও ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল-হরিপুর সড়কের পাশ দিয়ে সহপাঠীদের নিয়ে গতকাল স্কুলে যাচ্ছিল স্কুলছাত্র সজীব (৭)। হঠাৎ একটি মালবাহী ট্রাক বিকট শব্দে এগিয়ে আসে। কিছু বোঝার আগেই ট্রাকটি চাপা দেয় সজীবকে। এতে সজীব ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হয় সঙ্গে থাকা দুলালী।রাজশাহী: গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ছয়ঘাটি গ্রামের মামুনুর রশিদের স্ত্রী হাসিনা বেগম গতকাল এক ছেলে ও এক মেয়েকে সঙ্গে করে রাজাবাড়িহাট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন। বেলা ১১টার দিকে রাজশাহী-গোদাগাড়ী মহাসড়ক পার হতে গেলে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছেলে মেহেদী হাসান মারা যায়।সিরাজগঞ্জ: জেলার নগরবাড়ী-বগুড়া মহাসড়কের শাহজাদপুর উপজেলার তালগাছী কবরস্থানের কাছে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক ও আরোহীসহ দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের নাম মো. সাদ্দাম হোসেন (২৪) ও ইসরাইল হোসেন (২৫)। তাঁদের বাড়ি শাহজাদপুর উপজেলার সড়াতৈল গ্রামে বলে জানা গেছে।