সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মামলা
সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও চলতি দাখিল পরীক্ষার কেন্দ্রসচিব শামসুল আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান বাদী হয়ে মামলাটি করেন।শামসুল আলম কৌশলে তাঁর ছেলে মাহমুদুল হাসানের পরীক্ষা বাসায় নেওয়ার ব্যবস্থা করেন। এ বিষয়ে গত ২৮ ফেব্রুয়ারি ‘ঘরে বসে অধ্যক্ষের ছেলের দাখিল পরীক্ষা দেওয়া হলো না’ এই শিরোনামে একটি প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হয়। এরপর জেলা প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামকে তদন্ত করার দায়িত্ব দেন।শফিকুল ইসলাম জানান, তদন্ত কমিটির কাছে উপস্থিত হওয়ার জন্য ওই অধ্যক্ষকে দুই দফা নোটিশ পাঠানো হলেও অসুস্থতার কথা বলে তিনি উপস্থিত হননি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাঠানো প্রতিবেদনে প্রাথমিকভাবে অভিযোগগুলো প্রমাণিত হয়েছে।আরাফাত রহমান জানান, দুই দফায় ওই অধ্যক্ষের সঙ্গে আলোচনা করে ও কাগজপত্র দেখে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এরপর একটি প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে দাখিল করা হয়েছে। জেলা প্রশাসক এটি এজাহার হিসেবে থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ওই অধ্যক্ষকে দাখিল পরীক্ষার কেন্দ্রসচিব থেকে অব্যাহতি এবং সমাজসেবা কর্মকর্তা (নিবন্ধন) রেজাউল করিমকে কেন্দ্রসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।এ বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম জানান, মামলার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।