সিরাজগঞ্জ ও আদমদীঘিতে দুজনকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলায় ইছাহাক আলী (২৫) নামের সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকালে সয়দাবাদ-সিরাজগঞ্জ বাইপাস সড়কে উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলী এলাকায় একটি খালের পাশ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ইছাহাক আলী সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার আবদুস সাত্তারের ছেলে।
এদিকে গত বুধবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুরের নাগর নদের পাশে একটি হাঁসের খামারে উপেন্দ্র নাথ বর্মণ (৬৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
সিরাজগঞ্জ সদর থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ইছাহাক আলী নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।
গতকাল সকালে ছাতিয়ানতলী এলাকায় একটি খালের পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
গতকাল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, ইছাহাক আলীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে তাঁর অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আদমদীঘি থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চাঁপাপুরের নাগর নদের পাশে ফুলবাগিচা এলাকায় খামার তৈরি করে হাঁস পালন করে আসছিলেন উপেন্দ্র নাথ বর্মণ ও তাঁর ছেলে নীলকণ্ঠ বর্মণ। বুধবার রাতে নীলকণ্ঠ বর্মণ তাঁর বাবাকে খামারে রেখে আরাইল গ্রামে তাঁদের বাড়িতে রাতের খাবার নিতে আসেন। খাবার নিয়ে রাত আটটার দিকে খামারে ফিরে দেখেন, তাঁর বাবাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে।
আদমদীঘি থানার ওসি তোজামেঞ্চল হক বলেন, লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।