সিরাজগঞ্জ ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি
যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গতকাল বুধবার সকালে চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন এবং পরিষদের মিলনায়তন নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে সেখানে ভাঙন অব্যাহত রয়েছে।
এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার চারটি উপজেলার ১২টি ইউনিয়ন প্লাবিত হয়েছে।
সিরাজগঞ্জ: শহরতলির যমুনা তীরবর্তী কাটা ওয়াপদা, মালসাপাড়া, মিরপুর, চর মিরপুর, সয়দাবাদ, খোকসাবাড়ী, রানীগ্রাম, কাজীপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার বিস্তীর্ণ এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে। এসব এলাকার চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামের দেড় লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় দিনতিপাত করছে। শাহজাদপুর উপজেলার গোবাথান এলাকায় জমি তলিয়ে যাওয়ায় বাঘাবাড়ী মিল্ক ভিটা কারখানার আওতাধীন সমবায় সমিতির গবাদিপশুর খাদ্যসংকট দেখা দিয়েছে।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বলা হয়েছে, বন্যার পানিতে এ পর্যন্ত ৫০০ হেক্টর জমির রোপা আমন ধান ও মাষকলাইয়ে খেত তলিয়ে গেছে। এদিকে পানি বাড়ার কারণে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেতরের রানীগ্রাম, খোকসাবাড়ী, খইসা কুড়া গ্রাম প্লাবিত হয়েছে।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন জানান, বিষয়গুলো জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে জরুরি চিঠি পাঠানো হয়েছে।
গাইবান্ধা: উজান থেকে নেমে ঢলে গাইবান্ধার চারটি উপজেলার ১২টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এগুলো হচ্ছে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর, চণ্ডীপুর, কাপাশিয়া, বেলকা, সদর উপজেলার মোল্লারচর, কামারজানি, ফুলছড়ির এড়েন্ডাবাড়ি, ফজলুপুর, গজারিয়া, ফুলছড়ি সদর, সাঘাটার সাঘাটা সদর ও হলদিয়া। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৫০ হাজার মানুষ। এসব ইউনিয়নের প্রায় পাঁচ হাজার হেক্টর জমির রোপা আমন ধান ও বিভিন্ন সবজিখেত পানিতে তলিয়ে গেছে বলে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আবদুর রাজ্জাক জানিয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ জানান, পদ্মা ও মহানন্দা নদীর পানি দ্রুত কমায় জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পাউবো জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত পদ্মা নদীতে ৩৭ সেন্টিমিটার ও মহানন্দা নদীতে ২৭ সেন্টিমিটার পানি কমেছে।