সিরাজগঞ্জ ও গাজীপুরে সংঘর্ষ, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ও ঢাকায় মিছিল-সমাবেশের ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কয়েকটি স্থানে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সিরাজগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও জেলা আওয়ামী লীগের নেতা হাবিবে মিল্লাতের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে পুলিশ শতাধিক রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, মিছিল থেকে চিকিৎসক হাবিবে মিল্লাতের বাড়িতে হামলা ও ভাঙচুর করতে থাকলে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাধা দেয়। এ সময় তাঁরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন।
গাজীপুর শহরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিলে কয়েকটি পটকা ফাটানো হলে পুলিশ মিছিলে লাঠিপেটা করে। এতে ১৫ নেতা-কর্মী আহত হন।
বিএনপির নেতা-কর্মী, এলাকাবাসী ও পুলিশ জানায়, মিছিলটি শিববাড়ী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে তিন-চারটি পটকা ফাটানো হয়। পরে জয়দেবপুর থানার পুলিশ মিছিলে লাঠিপেটা শুরু করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি রাবার বুলেট ছোড়ে। এতে বিএনপির নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। পুলিশের লাঠিপেটায় বিএনপির কমপক্ষে ১৫ নেতা-কর্মী আহত হন। নারায়ণগঞ্জ শহরে পুলিশের বাধা উপেক্ষা করে বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা। সমাবেশ শেষে মিছিল বের করলে পুলিশ তাঁদের বঙ্গবন্ধু সড়কের ২ নম্বর রেলগেট এলাকা ও কালীর বাজার এলাকায় দুই দফা বাধা দেয়।
নীলফামারীতে বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চৌরঙ্গী মোড়ে আওয়ামী লীগের অফিস অভিমুখে যাওয়ার সময় পৌর মার্কেটের সামনে পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে পৌর মার্কেটের বাটার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপি। মিছিল শেষে সংক্ষিপ্ত এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের উত্তর তেমুহনী থেকে শুরু করে দক্ষিণ তেমুহনীতে গিয়ে শেষ হয়। মিছিলের আগে প্রেসক্লাবের সামনে এক সভায় বক্তারা বলেন, এই সরকার জনবিচ্ছিন্ন হয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে। ফরিদপুরে বিকেলে পুলিশের তিন দফা বাধা উপেক্ষা করে শহরের মুজিব সড়কে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপি। বিকেলে প্রেসক্লাবের সামনের সড়কে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়।
সিলেটে মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। মিছিল শেষে চৌহাট্টা পয়েন্টে সমাবেশে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। নেত্রকোনায় বেলা ১১টায় শহরের ছোট বাজার এলাকায় দলীয় কার্যালয়ে পুলিশের ব্যারিকেডের মধ্যে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা। নরসিংদীতে বিকেল সাড়ে চারটায় শহরের গোলাপ চত্বরে জেলা বিএনপি আয়োজিত সমাবেশ থেকে বক্তারা যেকোনো মূল্যে ২৫ অক্টোবর বিএনপির সমাবেশ হবে বলে ঘোষণা দেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দুটি অংশ আলাদাভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। কিশোরগঞ্জ জেলা বিএনপি শহরের কালীবাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ শেষে পুলিশি বাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। খুলনায় বিকেলে বিক্ষোভ সমাবেশ করে ১৮-দলীয় জোট খুলনা মহানগর ও জেলা শাখা। রাজশাহী কলেজের সামনে থেকে দুপুরে বের করা মিছিল সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুপুরে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা বিএনপির নেতা-কর্মীরা। সকালে কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
[এই প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন খুলনা ও ফরিদপুর অফিস; সিরাজগঞ্জ, সিলেট, রাজশাহী, কুমিল্লা, কুড়িগ্রাম ও কিশোরগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক এবং গাজীপুর, নারায়ণগঞ্জ, নীলফামারী, খাগড়াছড়ি, নেত্রকোনা, লক্ষ্মীপুর, নরসিংদী, মানিকগঞ্জ ও বাগেরহাট প্রতিনিধি]