সিরাজগঞ্জ ও তাড়াশের দই মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার ধরে শত শত দইয়ের ভাঁড়। সেগুলো নিয়ে বসে আছেন বিক্রেতারা। কত রকমের দই! ক্ষীরসা দই, রাজাপুরের দই, শেরপুরের দই, বগুড়ার দই, টক দই, শ্রীপুরী দই। 

আজ সিরাজগঞ্জ ও চলনবিল অধ্যুষিত তাড়াশে শ্রীপঞ্চমী তিথিতে বিদ্যার দেবী সরস্বতী পূজা উপলক্ষে দিনব্যাপী দইয়ের মেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের মুজিব সড়ক ও তাড়াশের ঈদগাহ মাঠে এই দই মেলা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের হৈমবালা বালিকা বিদ্যালয়ের সামনে প্রায় অর্ধকিলোমিটার জুড়ে এবং তাড়াশের ঈদগাহ মাঠজুড়ে আজ দইয়ের পসরা বসেছিল। দইয়ের সঙ্গে রসনাবিলাসী খই, চিড়া, মুড়ি, মুড়কি, বাতাসা, কদমা, মিষ্টিসহ বিভিন্ন মিষ্টান্নও বেচাকেনা হয়। এই দই মেলা উপলক্ষে মুসলিম-হিন্দু দুই সম্প্রদায়ের পরিবারের জামাই, বউদের বাড়িতে আনাসহ আত্মীয়স্বজনকে দাওয়াত করা হয়। বিভিন্ন প্রকার দই দিয়ে তাঁদের আপ্যায়ন করা হয়।
এই দইমেলা নিয়ে রয়েছে নানা গল্প কাহিনি। তাড়াশ উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি প্রশান্ত ঘোষ ও সনাতন সংস্থার সভাপতি তপন কুমার গোস্বামী জানান, তাড়াশের তৎকালীন জমিদার বনোয়ারী লাল রায় বাহাদুর প্রথম দই মেলার প্রচলন করেছিলেন। জনশ্রুতি আছে, জমিদার রাজা রায় বাহাদুর দই ও মিষ্টি পছন্দ করতেন। এ ছাড়া জমিদার বাড়িতে আসা অতিথিদের আপ্যায়নে এ অঞ্চলে ঘোষদের তৈরি দই পরিবেশন করা হতো। আর সে থেকেই জমিদার বাড়ির সামনে রসিক লাল রায় মন্দিরের পার্শ্বের মাঠে সরস্বতী পূজা উপলক্ষে তিন দিন ধরে দই মেলা বসত। প্রতিবছর শীত মৌসুমের মাঘ মাসে শ্রীপঞ্চমী তিথিতে দই মেলায় বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর থেকে ঘোষেরা দই এনে মেলায় পসরা বসিয়ে বেচা-কেনা করতেন। কথিত আছে, সবচেয়ে ভালো ও সুস্বাদু দই তৈরিকারক ঘোষকে জমিদারের পক্ষ থেকে পুরস্কৃতও করা হতো। সেই ব্রিটিশ আমল থেকে থেকে শুরু হওয়া এই দইয়ের মেলা এখনো মাঘ মাসের শ্রীপঞ্চমী তিথিতে উৎসব আমেজে বসার বার্ষিক রেওয়াজ এখনো আছে। এখন তিন দিনের মেলার সময় কমে দাঁড়িয়েছে এক দিনে।
শহরের দই মেলায় দই নিয়ে আসা এনায়েতপুরের রনজিত ঘোষ ও রাজাপুর গ্রামের সুধীর ঘোষ বলেন, ‘৫০ বছর ধরে এই মেলায় দই বিক্রি করছি। এবার ৪০০ খুঁটি দই আনা হয়েছিল। ১২টার মধ্যেই সকল দই বিক্রি হয়ে গেছে। গত বছরের চেয়ে এবারে দই এর চাহিদাও ছিল বেশি।’
দই কিনতে আসা শহরের দত্তবাড়ির আইয়ূব আলী জানান, প্রতিবছর দই মেলাকে সামনে রেখে পরিবারের সদস্যরা দই খাওয়ার জন্য উদগ্রীব থাকে। কারণ, বিভিন্ন স্বাদের দই পাওয়া যায়। এবারও চার রকমের দই কেনা হয়েছে।