সিরাজগঞ্জ ও নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা নামক স্থানে গত সোমবার দিবাগত রাতে যাত্রীবাহী বাস ও গ্যাসবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এদিকে গতকাল মঙ্গলবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাটরা গোপালপুর এলাকায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন প্রতিবন্ধী এক বৃদ্ধা।
সিরাজগঞ্জে নিহত ব্যক্তিরা হলেন ট্রাকের সহকারী বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের রফিকুল ইসলাম (৩৫) ও বাসযাত্রী চাঁপাইনবাবগঞ্জ জেলার অজয়পুর গ্রামের তামিজুল ইসলাম (৫০)। আর নাটোরে নিহত হয়েছেন বাটরা গোপালপুর এলাকার জাবেদ আলীর স্ত্রী কামের জান (৭৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই রাজিবুল করিম জানান, সোমবার দিবাগত রাত তিনটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলায় একটি যাত্রীবাহী কোচ বিপরীত দিক থেকে আসা একটি গ্যাসবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে রফিকুল ও তামিজুল ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বাসের আরও ১০ যাত্রী। তাঁদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান জানান, গতকাল দুপুরে কামের জান রাস্তার পাশ ধরে হাঁটছিলেন। এ সময় লক্ষ্মীকোলগামী একটি ইজিবাইক তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি মানসিক ও বাক্প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। এলাকাবাসী ওই ইজিবাইকচালককে আটক করেন। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।