সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় গত সোমবার রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল মান্নান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, তিনি চরমপন্থী দলের আঞ্চলিক নেতা।এদিকে একই রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফয়েজ আহমেদ নামে একজন নিহত হয়েছেন। পুলিশ ও র‌্যাবের দাবি, ফয়েজ আন্তজেলা ডাকাত দলের সর্দার।র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অধিনায়ক শহিদ উল্লাহর ভাষ্যমতে, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক নেতা আবদুল মান্নান ওরফে খুনি মান্নান তাঁর দলবল নিয়ে বেলকুচি উপজেলার কদমতলী এলাকায় বৈঠক করছেন—এমন তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত তিনটার দিকে র‌্যাবের একটি দল ওই এলাকায় পৌঁছায়। উপস্থিতি টের পেয়ে মান্নানের সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব+ও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টাব্যাপী গোলাগুলির একপর্যায়ে মান্নান গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাঁর সহযোগীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি পিস্তল, একটি তলোয়ার ও ছয়টি গুলি উদ্ধার করে র‌্যাব। গতকাল সকালে মান্নানের লাশ সিরাজগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মান্নান বেলকুচির সূবর্ণসড়া গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক বিভিন্ন মামলা রয়েছে।সোনারগাঁ (নারায়ণগঞ্জ): র‌্যাব-১১ ও সোনারগাঁ থানার পুলিশের ভাষ্যমতে, সোমবার রাত দেড়টার দিকে ডাকাত সর্দার ফয়েজের নেতৃত্বে ছয়-সাতজনের একটি দল সোনারগাঁ উপজেলার টিপরদী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীবাহী বাসে ডাকাতির প্রস্তুতি নেয়। বিষয়টি টের পেয়ে ওই এলাকায় টহলরত র‌্যাব-১১-এর সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় ডাকাতেরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। র‌্যাব ও পুলিশের সদস্যরা সেখানে শীর্ষস্থানীয় সন্ত্রাসী ও ডাকাত সর্দার ফয়েজ আহমেদকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা ফয়েজকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে র‌্যাবের দুই সদস্য আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে র‌্যাবের সদস্যরা ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, একটি গুলি, একটি কার্তুজ ও একটি রামদা উদ্ধার করেন।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, ফয়েজের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সিমুলিয়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে ২০-২৫ জনের একটি বাহিনী নিয়ে এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, যাত্রীবাহী বাসে ডাকাতি, মেঘনায় নৌ ডাকাতিসহ বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে চাঁদপুরের মতলব, মুন্সিগঞ্জের গজারিয়াসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, র‌্যাবের ওপর হামলা, অস্ত্র আইনে মামলাসহ আটটি মামলা রয়েছে।এদিকে এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে র‌্যাব-১১-এর উপসহকারী পরিচালক তরিকুল ইসলাম সোনারগাঁ থানায় একটি মামলা করেছেন।