সিরাজগঞ্জ ও বগুড়ায় দুর্ঘটনায় নিহত ৫
বগুড়া-ঢাকা মহাসড়কে গতকাল বৃহস্পতিবার রাতে সবজিবোঝাই ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। একই দিন সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় বাসচাপায় এক ফল ব্যবসায়ী নিহত হন। আগের দিন বুধবার বেলকুচি উপজেলার কামারপাড়া এলাকায় এক নারী নিহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জয়পুরহাট থেকে সবজিবোঝাই ট্রাকটি ঢাকায় যাচ্ছিল। রাত আটটার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর বসে থাকা যাত্রীরা চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নশিপুর গ্রামের জামাল উদ্দিন (৩৬) ও মির্জাপুর গ্রামের খোরশেদ আলম (৪৫) নিহত হন। এ সময় আহত চারজনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন অজ্ঞাতনামা ব্যক্তি মারা যান।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকা দিয়ে পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস ফল ব্যবসায়ী আনসার আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাত নয়টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের কামারপাড়া এলাকায় একটি ভ্যানের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটির যাত্রী রূপবান খাতুন ঘটনাস্থলেই নিহত হন।