সিরাজগঞ্জ ও বগুড়ায় দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গতকাল শনিবার ভোররাতে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। একই দিন দুপুরে বগুড়ায় যাত্রীবাহী বাসচাপায় আট বছরের এক শিশু মারা গেছে।
নিহত ব্যক্তিরা হলেন কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের হায়দারপুর গ্রামের শেখ আহম্মেদ (৫৮) ও জামতৈল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের গোলাম হোসেন (৫৫)। আর বগুড়ার মিনহাজ (৮) সদর উপজেলার বাসিন্দা।
কামারখন্দ থানার ওসি বাবুল উদ্দিন সরদার বলেন, গতকাল ভোররাতে কড্ডার মোড় থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা কামারখন্দে আসছিল। আলোকদিয়ার মোড় এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ওই অটোরিকশাটির ধাক্কা লাগে। এ ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।
ওসি বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ট্রাকটির চালকের নাম-ঠিকানা পাওয়া গেছে। কিন্তু ট্রাকটি নিয়ে তাঁরা পালিয়ে গেছেন।
অন্য ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, দাদি জুলেখা বেগম মিনহাজকে সঙ্গে নিয়ে গতকাল দুপুরে বারপুর-মোলামগাড়ি সড়ক পার হচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে মোলামগাড়ির উদ্দেশে ছেড়ে আসা সোয়ারি পরিবহনের একটি মিনিবাস শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। ঘটনার পরপরই বাসচালক ও তাঁর সহকারী পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন বাসটি আটকের পর ভাঙচুর করেন।