ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের চরলাপাং গ্রামের অর্ধশত পরিবার নদীভাঙনের শিকার হয়ে তিন দিন ধরে খোলা আকাশের নিচে বাস করছে। যমুনা নদীর ভাঙনে সিরাজগঞ্জের কাজীপুর ও সদর উপজেলার ২০০ বসতঘর, পুলিশ ফাঁড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে। যমুনা নদীর প্রবল স্রোত ও ঘূর্ণাবর্তের কারণে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা স্পার-২ আবারও নদীগর্ভে চলে গেছে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): মেঘনা নদী তীরবর্তী চরলাপাং গ্রামে বুধবার দুপুরে মাত্র পৌনে এক ঘণ্টার ভয়াবহ নদীভাঙনে স্থানীয় চরপালাং বাজারের আটটি দোকানঘর, ২৫টি বসতঘর, একটি মসজিদ, একটি মাদ্রাসা ও একটি গ্রাম্য ডাকঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। বৃহস্পতি ও শুক্রবার উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুল ইসলাম এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে ২০ কেজি করে চাল ও নগদ এক হাজার করে টাকা বিতরণ করেছেন। শনিবার স্থানীয় সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। সিরাজগঞ্জ: গত এক সপ্তাহ ধরে যমুনা নদীতে পানি বাড়ায় কাজীপুর উপজেলার নাটুয়াপাড়া, চরগ্রিস, খাসরাজবাড়ী ও সদর উপজেলার মেছরা ইউনিয়নে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ভাঙনে বিলীন হয়ে যাওয়ায় নাটুয়াপাড়া পুলিশ ফাঁড়ি শুক্রবার কাজীপুর সদর থানায় স্থানান্তর করা হয়েছে। একই কারণে সুনিমেছরা, বেতুয়া, হাটপাড়া, পারমেছরা, মল্লিকপাড়া মেছরা, খিদিরপুর, জয়কৃষ্ণপাড়া, চরখারুয়া, কেচোয়াহাটা, সাতালিয়া, মাটিকোচাসহ ১২টি গ্রামের বিস্তীর্ণ এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনে পাঁচটি বিদ্যালয়ের ভবনও নদীতে বিলীন হয়ে গেছে। বগুড়া: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও যমুনা নদীর পানির প্রবল স্রোতে সারিয়াকান্দির চন্দনবাইশায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত চন্দনবাইশা স্পার-২ এর ৩০ মিটার ধসে নদীগর্ভে চলে যায়। স্পারের সম্মুখ ভাগের অংশ নদীগর্ভে যাওয়ার পরে সেখানে বালুর বস্তা ও সিসি ব্লক ফেলা হয়, কিন্তু তিন দিন না যেতেই ওই স্পারের ৪০ মিটার অংশ নদীগর্ভে চলে গেছে। পানি উন্নয়ন বোর্ড বগুড়ার উপবিভাগীয় প্রকৌশলী জহুরুল হক বলেন, স্পারটি রক্ষার জন্য চেষ্টা করা হচ্ছে। বড় বন্যা না হলে এ বছর হয়তো রক্ষা করা যাবে। চন্দনবাইশা স্পার ভেঙে যাওয়ার খবর শুনে গতকাল সকালে বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান ঘটনাস্থলে যান।