সিরাজগঞ্জ ও বগুড়ায় যুবদল নেতাসহ দুজন নিহত
বগুড়া শহরের উপকণ্ঠ বনানী বাজার এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী (২৮) নিহত হয়েছেন। এ সময় চারজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ২৫ জন। প্রতিবাদে আজ বুধবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ১৮ দল।
এদিকে সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের সময় কাঁদানে গ্যাসের শেল লাগার পর পুকুরের পানিতে ডুবে সাকমান হোসেন (৩৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, মহাসড়ক অবরোধ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিহত সাকমান সদরের মাছুয়াকান্দি গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল থেকেই বগুড়া-ঢাকা মহাসড়কের লিচুতলা থেকে শহরের প্রবেশপথ বনানী মোড় পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন বিরোধী দলের নেতা-কর্মীরা। বিকেল সাড়ে চারটার দিকে লিচুতলা থেকে জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ারের নেতৃত্বে অবরোধকারীদের একটি মিছিল বনানী বাসস্ট্যান্ডের দিকে আসতে থাকে। এ সময় সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের ওপর মিছিল থেকে ককটেল হামলা চালানো হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। মিছিলকারীরা পুনরায় সংঘবদ্ধ হয়ে পুলিশের দিকে এগোনোর চেষ্টা করেন এবং পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছোড়েন। এরপর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা বেশ কয়েকটি গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই যুবদলের নেতা ইউসুফ আলী নিহত হন। ইউসুফ পৌর এলাকার নিশ্চিন্তপুরের মুকুল হোসেনের ছেলে। সংঘর্ষে আরও চারজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে সিরাজগঞ্জ-নলকা সড়কে পৌর এলাকার জগাইমোড়ে বিএনপির নেতা-কর্মীরা পিকেটিংয়ের চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নূর কায়েমকে আটক করে। এরপর বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে। এতে পথচারী সাকমানসহ ১০ জন আহত হন। একপর্যায়ে সাকমানের বুকে কাঁদানে গ্যাসের শেল লাগে। এ সময় তিনি পার্শ্ববর্তী পুকুরে পড়ে যান। স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।