সিরাজগঞ্জ ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের এক নেতাসহ দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন ছাত্রলীগের নেতা ইব্রাহীম হোসেন (২৫) ও ট্রাকচালক সুজন সরকার (৩০)। এদিকে বগুড়ায় বাসের চাপায় মারা গেছে নার্সারিতে পড়ুয়া এক শিশু। তার নাম সোহাইব (১০)।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা বলেন, গত শনিবার রাতে সিরাজগঞ্জ-নলকা সড়কের শিলন্দা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় ইব্রাহীমকে একটি ট্রাক চাপা দেয়। এতে গুরুতর আহত ইব্রাহীমকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে গত রোববার রাতে তিনি মারা যান। নিহত ইব্রাহীম সদর উপজেলার বহুলী ইউনিয়ন ছাত্রলীগের সাহিত্য ও পাঠাগারবিষয়ক সম্পাদক ছিলেন।
সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানিয়েছেন, গত রোববার সন্ধ্যায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় রাজশাহীগামী দুটি ট্রাকের মধ্যে পেছনেরটি সামনের ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক সুজন মারা যান। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারী গ্রামের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনায় আহত হন ওই ট্রাকের সহকারী।
এদিকে বগুড়ায় বাবা সবুজ মিয়ার মোটরসাইকেলের পেছনে বসে বিদ্যালয়ে যাওয়ার সময় ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কের বড়িয়া বটতলা মোড়ে দ্রুতগামী কোচের ধাক্কায় প্রাণ হারিয়েছে সোহাইব। সে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার ড. নূর ওয়ার্ল্ড স্কুল অ্যান্ড কলেজের নার্সারির ছাত্র ছিল। তার বাবা সবুজ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাসা শহরতলির সাবগ্রাম চান্দুপাড়ায়। পরে পুলিশ মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়া হানিফ পরিবহনের দূরপাল্লার ওই কোচটি জব্দ করে।