সিরাজগঞ্জ ও বাগমারায় সংঘর্ষে আহত ৭০
সিরাজগঞ্জ শহরের একডালা ও গয়লা মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। দুজনের মধ্যে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। একই দিন রাজশাহীর বাগমারায় দুই পক্ষের সংঘর্ষে এক কাউন্সিলরসহ ৫০ জন আহত হয়েছেন।
পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার যমুনা নদীর ঘাট এলাকায় রিকশায় চড়ে বেড়ানোকে কেন্দ্র করে সিরাজগঞ্জের গয়লা মহল্লার ইস্রাফিল ও পাশের একডালা মহল্লার শামীমের মধ্যে বাগিবতণ্ডা হয়। এর জের ধরে বুধবার দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ হয়। গতকাল সকালে উভয় পক্ষের লোকজন সমঝোতার জন্য মীমাংসা বৈঠকে বসেন। বৈঠক চলাকালে একডালা এলাকার লোকজন গয়লা এলাকায় হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ সময় উভয় পক্ষের অন্তত ছয়টি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের খয়রা বিলে স্থানীয় জেলেরা মাছ ধরে দীর্ঘদিন জীবিকা নির্বাহ করে আসছেন। এ বছর স্থানীয় একটি প্রভাবশালী পক্ষ বিলটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে। গত বুধবার রাতে জেলেরা বিলে মাছ ধরতে গেলে প্রভাবশালী ব্যক্তিরা বাধা দেন। জেলেরা এ বিষয়ে তাহেরপুর পৌরসভার কাউন্সিলর আবদুল ওয়াহাবের কাছে অভিযোগ করেন। গতকাল সকালে কাউন্সিলর এ বিষয়ে প্রভাবশালী স্থানীয় আওয়ামী লীগ নেতা রইচ উদ্দিনসহ অন্যদের কাছে জানতে চান। এ নিয়ে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। এ সময় প্রভাবশালী ব্যক্তিরা কাউন্সিলর ও জেলেদের ওপর হামলা চালান। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে কাউন্সিলরসহ উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আবদুল ওয়াহাব অভিযোগ করেন, তিনি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে জেলেদের পক্ষে কথা বলতে গিয়ে হামলার শিকার হয়েছেন।
রইচ উদ্দিন বলেন, তাঁরা বৈধভাবে বিলে মাছ চাষ করছেন। জেলেরা তাঁদের নৌকা ভেঙে ফেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।