সিরাজগঞ্জ ও বিরামপুরে তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে একজন রিকশাচালক ও শাহজাদপুরে একজন অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন হয়েছেন। দিনাজপুরের বিরামপুরে একজন ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: সিরাজগঞ্জ শহরের একডালা মহল্লার রিকশাচালক এরশাদ (১৯) গত বৃহস্পতিবার রাতে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এর পর তিনি আর বাড়ি ফিরে আসেননি। শুক্রবার ভোরে তাঁর লাশ সিরাজগঞ্জ-বগুড়া সড়কের শহরের কাজীপুর মোড়ে থেকে উদ্ধার করা হয়। নিহতের অণ্ডকোষের নিচে ক্ষতচিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে কে বা কারা তাঁকে ছুরিকাঘাত করে রাস্তার ওপর ফেলে রেখে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই জেলসাদ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। অন্য এক ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় বাশুরিয়া গ্রামের ওয়াসিম উদ্দীনের স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা সালমা বেগম (২৫) বৃহস্পতিবার রাতে তাঁদের মেয়ে অন্তরাকে পড়াচ্ছিলেন। একপর্যায়ে সে মেয়েকে চড় মারলে শাশুড়ি ও দেবররা সালমার ওপর ক্ষিপ্ত হন। তাঁরা সালমাকে লাঠি দিয়ে পেটান এবং শ্বাসরোধে হত্যা করে লাশ বাড়িতে ফেলে রেখে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের বাবা ছানোয়ার হোসেন একটি মামলা করেছেন। তদন্ত কর্মকর্তা শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, নিহতের গলায় দাগ রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। গতকাল শুক্রবার দুপুরে দিনাজপুরের বিরামপুর শহরের সারঙ্গপুর মহল্লার একটি আখখেত থেকে পুলিশ রুহুল আমিন (২০) নামের এক গুড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে। রুহুল আমিন শহরের পূর্ব জগন্নাথপুর মহল্লার মৃত আরিফ শেখের ছেলে।রুহুল আমিনের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে রুহুল আমিন বাইসাইকেলে করে ফুলবাড়ি উপজেলার মাদিলাহাট বাজারে গুড় ব্যবসায়ীদের কাছ থেকে পাওনা টাকা আদায়ের জন্য যান। সন্ধ্যা সাতটার পর থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। শুক্রবার দুপুরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সারঙ্গপুর এলাকায় গিয়ে একটি আখখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়।