সিরাজগঞ্জ ও মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

মৌলভীবাজার ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।
মৌলভীবাজারর কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন এবং ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। দুই ঘটনায় মোট ছয়জন আহত হয়েছেন।
আজ শনিবার বেলা তিনটার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ফরেস্ট ডরমিটরি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত অটোরিকশার চালক ইলিয়াছ মিয়া (৩০) কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে।
কমলগঞ্জ থানা সূত্রে জানা গেছে, বিকেলে শ্রীমঙ্গল থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা কমলগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে এম আর পরিবহনের যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে আঘাত করে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে আটকে পড়ে। এ সময় অটোরিকশার চালক ইলিয়াছ মিয়াকে (৩০) কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় কাশেম মিয়া (২৭), তাহমিনা বেগম (২০), সালেখা বেগম (৩০), শিরিনা বেগম (২৫) ও স্বপ্না বেগম (৩৫) আহত হয়েছেন। আহত লোকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন দেবনাথ দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন।
সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকার ধোপাকান্দি সেতুর ওপর ঢাকা-বগুড়া মহাসড়কে অপরূপা পরিবহন নামের একটি বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়, এতে মোটরসাইকেলের আরোহী মনিজা খাতুন (৫০) ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনায় মনিজার স্বামী মোটরসাইকেলের চালক সরোয়ার হোসেন আহত হন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত সরোয়ার হোসেনকে হাটিকুমরুলে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি সলঙ্গা থানার দাদনপুর গ্রামে।
উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, সরোয়ার তাঁর স্ত্রী মনিজাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে হাটিকুমরুল গোলচত্বর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় নওগাঁ থেকে কিশোরগঞ্জগামী অপরূপা নামের বাসটি পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে মনিজা মারা যান, সরোয়ার আহত হন। বাসটি আটক করা হয়েছে। চালক ও সহকারীরা পালিয়েছেন। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে।