সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নাটোরের লালপুরে গত রোববার ট্রাকের ধাক্কায় ভটভটির এক যাত্রী নিহত হন।হাটিকুমরুল-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকপালিয়া এলাকায় গতকাল বগুড়া থেকে নগরবাড়ীগামী নিভা পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও ২০ জন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন: বাসের সুপারভাইজার বগুড়ার ধুনট উপজেলার হজরত আলী (২৫), চালকের সহকারী অজ্ঞাতনামা (৩০) এবং যাত্রী শাহজাদপুর উপজেলার পুরানটেপরী গ্রামের গোলাম মোস্তফা ওরফে লালন (৪০)। একই দিন হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাতী এলাকায় ঢাকা থেকে রংপুরগামী বিশ্ব ইজতেমা থেকে আসা একটি বাস উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরের আবদুল আজিজ (৬০) নিহত হন।সিরাজগঞ্জ-হাটিকুমরুল সড়কের নলকা এলাকায় গতকাল রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় হালিমা বেওয়া (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হন। লালপুর-বাঘা সড়কের নাটোরের লালপুর উপজেলার আটটিকা এলাকায় রোববার রাতে ঢাকাগামী একটি ট্রাক একটি ভটভটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভটভটির যাত্রী মোহরকয়া নতুনপাড়া গ্রামের আফিল উদ্দিন মোল্লার স্ত্রী রত্না বেগম (৪২) ঘটনাস্থলেই মারা যান ও চারজন আহত হন।