সিরাজগঞ্জ-ঢাকা পথে নতুন ট্রেনের উদ্বোধন
সিরাজগঞ্জ-ঢাকা পথে সিরাজগঞ্জ এক্সপ্রেস নামের নতুন একটি আন্তনগর ট্রেন চালু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশনের স্বাধীনতা স্কয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক এই ট্রেনের কার্যক্রম উদ্বোধন করেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বাজার স্টেশন থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। কামারখন্দ উপজেলার জামতৈল স্টেশন থেকে ইঞ্জিন ঘুরিয়ে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে বিকেল তিনটায়। এটি আবার ঢাকার কমলাপুর থেকে বিকেল পাঁচটায় ছেড়ে সিরাজগঞ্জে রাত নয়টা ৪৫ মিনিটে পৌঁছাবে। পরে সিরাজগঞ্জ হয়ে এটি পাবনার ঈশ্বরদীতে যাবে। পরদিন সকালে ঈশ্বরদী থেকে ছেড়ে সিরাজগঞ্জ হয়ে পুনরায় এটি ঢাকা যাবে। প্রতি শনিবার এটি বন্ধ থাকবে।
রেলওয়ে সূত্রে আরও জানা গেছে, আপাতত একটি পাওয়ার কারসহ ছয়টি কোচ এই ট্রেনের সঙ্গে সংযোজন করা হয়েছে। এতে মোট ৫৩০টি আসন রয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জের জন্য শোভন চেয়ার ৩০টি এবং শোভন শ্রেণীর ১০০টি আসন বরাদ্দ করা হয়েছে। শোভন চেয়ার ও শোভন শ্রেণীর ভাড়া যথাক্রমে ২২৫ ও ১৮৫ টাকা।
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিটির সমন্বয়ক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হাবিবে মিল্লাত জানান, ১৫ বছর ধরে সিরাজগঞ্জ-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ৯ এপ্রিল সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে এক জনসভায় এ পথে ট্রেন চালুর ঘোষণা দিয়েছিলেন। ট্রেন চালুর মধ্য দিয়ে এ ঘোষণার বাস্তবায়ন হলো।
ট্রেনের যাত্রী নরেশ চন্দ্র ভৌমিক ও ফজলুল মতিন বলেন, দীর্ঘ ১৫ বছর পর সিরাজগঞ্জ শহর থেকে আবার ট্রেনে চড়ে ঢাকায় যাওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে।