সিরাজগঞ্জ থেকে ছিনতাই পাবনায় উদ্ধার, আটক ৩
পাবনা শহরের পৈলানপুর মহল্লা থেকে সোমবার বিকেলে পুলিশ সিরাজগঞ্জ থেকে ছিনতাই করা ১৩ টন রড উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন, পাবনা শহরের গোবিন্দা মহল্লার আনিসুর রহমান, সদর উপজেলার নাজিরপুর গ্রামের আজমত আলী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নামরাজপুর গ্রামের শহীদুল ইসলাম। পুলিশ জানায়, ২১ ডিসেম্বর রাতে চট্টগ্রাম থেকে ১৩ টন রড নিয়ে একটি ট্রাক রাজশাহীর উদ্দেশে রওনা হয়। রাজশাহীর মেসার্স নাজিমউদ্দিন অ্যান্ড ব্রাদার্সের নামে রডগুলো চট্টগ্রামের কামাল ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে পাঠানো হয়। ২২ ডিসেম্বর রাতে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে রডসহ ট্রাকটি ছিনতাই হয়ে যায়। একই দিন ভোরে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে। ঈশ্বরদী থানার উপপরিদর্শক আবদুল হান্নান জানান, ট্রাক উদ্ধারের পর তিনজনকে আটক করা হয়।