সিরাজগঞ্জ থেকে ১২ জেলায় বাস চলাচল শুরু
সিরাজগঞ্জ থেকে উত্তরবঙ্গের ১২টি জেলায় এবং অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে। তবে বগুড়া ও নওগাঁ থেকে ময়মনসিংহে বাস চলাচল বন্ধ থাকবে। বগুড়া জেলা মোটর মালিক গ্রুপ ও সিরাজগঞ্জ কোচ-বাস-মিনিবাস মালিক সমিতির মধ্যে বৃহস্পতিবার রাতের এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।বৈঠকে সিরাজগঞ্জ ও বগুড়া জেলার দুই অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সিরাজগঞ্জ ও বগুড়া মালিক সমিতির পক্ষ থেকে ছয় জন করে ১২ জনসহ ১৪ জনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী বৃহস্পতিবার বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।মালিক সমিতি ও পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন সাঈদীর নেতৃত্বে বৈঠক হয়। দেলোয়ার হোসেন জানান, বৈঠকে বাস চলাচল করার জন্য সিদ্ধান্ত হয়েছে। আগামী বৃহস্পতিবার শুধু বগুড়ার ১২টি এবং নওগাঁ থেকে ময়মনসিংহ রুটে সিরাজগঞ্জের বাসটি নিয়ে সিদ্ধান্ত হবে। এ কয়দিন এই ১৩টি রুটে বাস চলাচল বন্ধ থাকবে।