সিরাজগঞ্জ থেকে ১২টি জেলায় বাস চলাচল বন্ধ চার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ ও বগুড়ার বাস মালিক সমিতির মধ্যে দ্বন্দ্বের কারণে উত্তরবঙ্গের ১২টি জেলার সঙ্গে সিরাজগঞ্জের যাত্রীবাহী বাস চলাচল চার দিন ধরে বন্ধ রয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।সিরাজগঞ্জ কোচ-বাস মোটর মালিক সমিতি সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিরাজগঞ্জ কোচ-বাস মোটর মালিক সমিতির অন্তর্ভুক্ত অপূর্ব পরিবহন নামের একটি বাস ২ মে নওগাঁ থেকে ময়মনসিংহে যাত্রা করে। বাসটি বগুড়া বাস টার্মিনালে পৌঁছালে বগুড়া মোটর মালিক গ্রুপের লোকজন তা আটক করে চালক ও চালকের সহকারীকে মারধর করেন এবং সিরাজগঞ্জ থেকে বগুড়া হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলাচলকারী সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেন।এ ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জ কোচ-বাস মোটর মালিক সমিতি গত ৩ এপ্রিল বগুড়া থেকে সিরাজগঞ্জ ও ময়মনসিংহগামী সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয়। এরপর চার দিন ধরে উত্তরবঙ্গের ১৬ জেলার মধ্যে পাবনা, নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ ছাড়া বাকি ১২টি জেলার সঙ্গে সিরাজগঞ্জের বাস চলাচল বন্ধ রয়েছে।অন্যদিকে সিরাজগঞ্জের বাস ময়মনসিংহে যাওয়ার অনুমতি দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বগুড়া মোটর মালিক গ্রুপ নওগাঁ জেলার বাস বগুড়ায় চলাচল বন্ধ করে দেয়। সিরাজগঞ্জ কোচ-বাস মোটর মালিক সমিতির সভাপতি জিন্নাহ্ আলমাজি অভিযোগ করেন, নওগাঁ থেকে নিয়ম মোতাবেক একটি বাস ময়মনসিংহে চলাচল শুরু করার আগেই বগুড়া মোটর মালিক গ্রুপের নেতারা বাধা দিয়েছেন। বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি আখতারুজ্জামান জানান, সিরাজগঞ্জ কোচ-বাস মোটর মালিক সমিতির নেতারা নিয়ম বহির্ভূতভাবে একটি বাস নওগাঁ থেকে ময়মনসিংহে চালানোর চেষ্টা করায় বগুড়ার নেতারা বাধা দিয়েছেন।