সিরাজগঞ্জ পাবনায় আরও পাঁচজন অ্যানথ্রাক্সে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ও পাবনার ফরিদপুর পৌর এলাকায় আরও পাঁচজন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অসুস্থ গবাদিপশুর মাংস খেয়ে ও মাংস বানানোর কাজ করতে গিয়ে তাঁরা অসুস্থ হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:সিরাজগঞ্জ ও উল্লাপাড়া: শাহজাদপুরে আক্রান্ত ব্যক্তিরা হলেন উপজেলার সরাতৈল গ্রামের কদভানু (৪৭) ও সিরাজুল (২৮) এবং কুঠিবাড়ী গ্রামের লালবিবি (৫০) ও নিলু (২৫)। সিরাজগঞ্জের সিভিল সার্জন নাজিমুদ্দিন খান জানান, অসুস্থ গরু ও ছাগলের মাংস খেয়ে চারজন অসুস্থ হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি জানান, এই নিয়ে গত ছয় দিনে মোট ৪৪ জনকে ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।ঢাকা থেকে আসা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রতিনিধিদলটি গতকাল সকালে শাহজাদপুরের রূপবাটি ইউনিয়নের কুঠিবাড়ী গ্রাম ও পাবনার ফরিদপুরে আক্রান্ত রোগীদের রক্ত ও নমুনা সংগ্রহ করেছে।এদিকে উল্লাপাড়া উপজেলায় অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং নতুন করে আক্রান্ত রোগীদের শনাক্ত করতে ১৪টি চিকিৎসা দল গঠন করা হয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকুমার সুর রায় জানান, প্রতিটি চিকিৎসা দলে একজন চিকিৎসা কর্মকর্তা, একজন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও তিনজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। তিনি বলেন, রোগীর অবস্থা গুরুতর না হলে বাড়িতে বসেই চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাবনা: ফরিদপুর পৌর এলাকার রাউত নাগদাপাড়া মহল্লার মো. শহীদ আলীর একটি গরু ২৪ মে অসুস্থ হয়ে পড়লে সেটি জবাই করা হয়। যাঁরা মাংস বানানোর কাজ করেছেন, তাঁদের শরীরে ক্ষত দেখা দেয়। বিষয়টি উপজেলা স্বাস্থ্য বিভাগকে জানালে ৩০ মে স্বাস্থ্য বিভাগের একটি দল গ্রামে গিয়ে প্রথমে ছয়জনকে অ্যানথ্রাক্স আক্রান্ত হিসেবে শনাক্ত করে। একই দল গতকাল বুধবার শনাক্ত করে মো. শরাফত আলীকে (৪২)। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খলিলুর রহমান জানান, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, আগে আক্রান্ত ছয়জন অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।