সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের ৮ নেতার পদত্যাগ
সংগঠনের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও সংবিধান পরিপন্থী কার্যকলাপের অভিযোগ এনে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির আট নেতা পদত্যাগ করেছেন। তাঁরা হলেন কমিটির সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি আবদুর রাজ্জাক ও রহিজ উদ্দিন, দপ্তর সম্পাদক জেলহক, ক্রীড়া সম্পাদক আবদুল লতিফ; কমিটির সদস্য শাহজাহান আলী, নজরুল ইসলাম ও মো. শফি। গত বুধবার পদত্যাগপত্র রাজশাহী বিভাগীয় রেজিস্টার অব ট্রেড ইউনিয়নের যুগ্ম শ্রম পরিচালক বরাবর পাঠানো হয়েছে। পদত্যাগকারী সহসভাপতি আবদুর রাজ্জাক বলেন, ‘সাধারণ সম্পাদক নিজের পদ দীর্ঘস্থায়ী করার জন্য অবৈধ পন্থায় নানা কৌশল অবলম্বন করছেন। সাধারণ সভা ডেকে কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও তিনি তা উপেক্ষা করে সংবিধান বহির্ভূতভাবে কর্মকাণ্ড পরিচালনা করছেন। যে কারণে আমরা আটজন পদত্যাগ করলাম।’ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ১৮ জুলাই সাধারণ সভায় কোরাম সংকটের কারণে সভাপতি সভা স্থগিত করেছেন। মোট চার হাজার ২৫১ জন সদস্য রয়েছেন। এর এক-তৃতীয়াংশ উপস্থিত না হলে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তাঁরা পদত্যাগ করলে কোনো কিছু আসে-যায় না। ২০০৯ সালের ১০ জুলাই সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ১৯ জুলাই নির্বাচিত নেতারা দায়িত্ব গ্রহণ করেন।