সিরাজগঞ্জ শহর থেকে পুনরায় ট্রেন চালুর দাবিতে আন্দোলন
সিরাজগঞ্জ শহর থেকে পুনরায় ট্রেন চলাচলের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে স্থানীয় লোকজন। গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরাজগঞ্জের এক জনসভায় প্রত্যাহার করে নেওয়া ১২টি ট্রেন চালু ও বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ১৭ মাসেও ওই প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ হয়নি।এ অবস্থায় সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি এই দাবি বাস্তবায়নের জন্য মাসব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। দাবি পূরণের জন্য ওই কমিটি গত সোমবার থেকে এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছে। রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিটিশ ও পাকিস্তান আমল থেকে সিরাজগঞ্জ পৌর শহরের মধ্যে একটি জংশনসহ চারটি রেলস্টেশন ছিল। এসব জংশন ও স্টেশন দিয়ে প্রতিদিন ১২টি ট্রেন চলাচল করত। ১৯৯৮ সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকে একটি লোকাল ট্রেন চালু রেখে রেলওয়ে কর্তৃপক্ষ সব ট্রেন প্রত্যাহার করে নেয়। পরে সিরাজগঞ্জ শহরে স্টেশন থাকা সত্ত্বেও ১০ কিলোমিটার দূর দিয়ে নতুন রেলপথ নির্মাণ করে বঙ্গবন্ধু সেতু দিয়ে সব আন্তনগর ট্রেন চলাচল করার ব্যবস্থা করা হয়। এ কারণে জেলার হাজার হাজার মানুষ সরাসরি ট্রেনে ঢাকা, রাজশাহী ও খুলনায় যেতে পারছে না।এ অবস্থায় চারদলীয় জোট সরকারের আমলে প্রত্যাহার করা ট্রেন চালু এবং সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের জন্য দাবি তোলা হয়। কিন্তু ওই সময় এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় সিরাজগঞ্জবাসী হতাশ হয়ে পড়ে। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর শুরু থেকেই সিরাজগঞ্জবাসী পুনরায় এ দাবি তোলে।গত বছরের ৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরাজগঞ্জ সফরে এসে সিরাজগঞ্জ সরকারি কলেজের মাঠে এক জনসভায় বঙ্গবন্ধু সেতু হয়ে সিরাজগঞ্জ শহরের ভেতর দিয়ে সিরাজগঞ্জ-বগুড়া পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ এবং সিরাজগঞ্জ শহর থেকে রাজশাহী, খুলনা ও ঢাকা পর্যন্ত আন্তনগর ট্রেনসহ প্রত্যাহার করা সব ট্রেন চালুর প্রতিশ্রুতি দেন। কিন্তু ১৭ মাসেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি।সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক জহুরুল হক বলেন, বর্তমানে ট্রেনে চলাচল সহজ ও নিরাপদ হলেও সিরাজগঞ্জবাসী এই সেবা থেকে বঞ্চিত। সবাইকে ১০ কিলোমিটার দূরে গিয়ে ট্রেনে উঠতে হচ্ছে। মালামাল পরিবহন বন্ধ হওয়ায় ব্যবসা-বাণিজ্যে ধস নেমেছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিও বাস্তবায়ন হচ্ছে না।পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে বিভাগের মহাব্যবস্থাপক মো. ফেরদৌস আলম বলেন, সিরাজগঞ্জের জামতৈল থেকে বগুড়া পর্যন্ত রেলপথ নির্মাণ করার জন্য একটি প্রস্তাব রয়েছে। কিন্তু অর্থের বরাদ্দ না থাকায় ওই কাজ করা সম্ভব হয়নি। ট্রেন চলাচলের বিষয়ে তিনি বলেন, জামতৈল রেলক্রসিং থেকে সিরাজগঞ্জবাজার স্টেশন পর্যন্ত ব্রডগেজ রেললাইন আছে। মিটারগেজ লাইনসহ ডুয়েলগেজ লাইন নির্মাণ না করা পর্যন্ত আন্তনগর ট্রেন চলাচল করানো সম্ভব হচ্ছে না।