সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ ধসের আশঙ্কায় পাউবোর সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে শহর রক্ষা বাঁধে আশঙ্কায় আগাম সতর্ক থাকার জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিশেষায়িত শাখার পক্ষ থেকে সব বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। গত ২১ জুন ওই শাখার নির্বাহী প্রকৌশলী মো. সাজিদুর রহমান সরদার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, যমুনা নদীর পানি প্রতিদিন ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে ও পানিপ্রবাহ বৃদ্ধির কারণে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ (হার্ডপয়েন্ট) এলাকায় ধস দেখা দিতে পারে। সে জন্য সব মহলকে প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে গত মঙ্গলবার থেকে পাউবো বিশেষায়িত শাখার উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে বন্যা তথ্যকেন্দ্র খোলা হয়েছে। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, শহর রক্ষা বাঁধটি বিগত তিন বছরে কয়েক দফা ধস নামায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সে কারণে সে স্থানে ধস দ্রুত নিয়ন্ত্রণ করার জন্য সিসি ব্লক, জিওটেক্সটাইল ভর্তি বালুর বস্তাসহ বিভিন্ন উপকরণ মজুদ রাখার সিদ্ধান্ত রয়েছে। ২০০৯ সালে ১০ জুলাই প্রথমবার শহর রক্ষা বাঁধে ধসের পর পাউবো প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে মেরামত করে। কিন্তু ২০১০ সালের ১৭ জুলাই পুনরায় বাঁধের একই লেনের মাত্র ১০০ গজ দূরে আবারও বিশাল অংশ ধসে যায়। ২০১১ সালের ১৮ জুলাই থেকে কয়েক দফা ধসের কারণে বাঁধের প্রায় সাড়ে ৩০০ মিটার এলাকা যমুনায় বিলীন হয়।