সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হবে।গতকাল বুধবার বেলা ১১টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত এসব কথা বলেন। তিনি বলেন, নিজের জানমালের ক্ষতি সাধন না করে নিরাপদে জীবন যাপন করার অধিকার সব নাগরিকের রয়েছে। সন্ত্রাস ও সহিংসতায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যাতে ব্যাহত না হয়, সে জন্য সব পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।যমুনা নদীর ভাঙন থেকে সিরাজগঞ্জকে রক্ষা প্রসঙ্গে মজীনা বলেন, ‘এই নদী বড়ই ক্ষমতাধর ও বৈচিত্র্যময়। এর ভয়াল গ্রাস থেকে জনপদ রক্ষা করার সঙ্গে দেশের ভৌগোলিক নিরাপত্তার বিষয়টি জড়িত। এই সমস্যা থেকে উত্তরণে এ দেশের মানুষের সঙ্গে আমরাও রয়েছি।’এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. শহিদুজ্জামান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম প্রমুখ। এর আগে রাষ্ট্রদূত হার্ড পয়েন্টে এসে পৌঁছালে তাঁকে উষ্ণ অভিবাদন জানানো হয়।