সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে আবার ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে (হার্ড পয়েন্টে) আবারও ধস নেমেছে। গত রোববার রাতে মসজিদের সামনে থেকে শ্মশানঘাট পর্যন্ত প্রায় ৯৫ মিটার বাঁধ ধসে যায়।১৮ জুলাই রাতে হার্ড পয়েন্টের পুরাতন জেলখানা ঘাটসংলগ্ন উত্তর পাশে আকস্মিক ধস নামে। ওই দিন বাঁধের ৭০ মিটার ধসে যায়। তিন দিনের ব্যবধানে ২১ জুলাই বাঁধের ১০৫ মিটার নদীগর্ভে চলে যায়। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১১টার দিকে হার্ড পয়েন্টের মসজিদের সামনে প্রথমে ধস শুরু হয়। একের পর এক সিসি ব্লক ধসে পড়তে পড়তে উত্তর দিকের শ্মশানঘাট পর্যন্ত অংশ নদীতে বিলীন হয়ে যায়। ধস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সিসি ব্লক আর বালুর বস্তা ফেলা শুরু করেন। পরে পাউবোর লোকজন এ কাজে অংশ নেন। রাত দুইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে বাঁধের ৯৫ মিটার এলাকা নদীগর্ভে চলে যায়। ঘটনার পর সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা তদারকি করেন।২১ জুলাই ধসের ঘটনার পর গত শনিবার পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, মৎ স্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, স্থানীয় সাংসদ রুমানা মাহমুদসহ পাঁচ সদস্যের তদন্ত কমিটির সদস্যরা ধস এলাকা পরিদর্শন করেন। আর যাতে বাঁধে ধস না নামে, সে জন্য ব্যবস্থা নিতে মন্ত্রীরা পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন।পাউবোর সিরাজগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ ও ২০১০ সালে এই বাঁধের তিনটি স্থানে ধস নামে। ওই স্থানগুলো সংস্কারে ৩৩ কোটি টাকা ব্যয় হয়।সূত্র আরও জানায়, সংস্কার বাবদ বরাদ্দ কম থাকায় শুধু হার্ড পয়েন্টের বেল মাউন্টে (সম্মুখ অংশে) সংস্কার করা হয়। বাঁধের বাকি অংশ সংস্কার না করায় ধসনামা অব্যাহত রয়েছে।ধসের কারণ সম্পর্কে নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক বলেন, হুন্দাই কোম্পানি হার্ড পয়েন্ট নির্মাণের সময় জিওটেক্স ব্যবহার করে সেটি বাঁধের উপরিভাগ থেকে নদীর অভ্যন্তরে ৭০ মিটার নিচে স্থাপন করে। নদীর ভেতরের অংশে আরসিসি গাইড বাঁধ নির্মাণ না করে সেখানে সিসি ব্লক দিয়ে ভরাট করা হয়। নদীর পানির গতিপথ পরিবর্তিত হয়ে ঘূর্ণাবর্তের কারণে এই ব্লকগুলোর তলদেশ থেকে মাটি সরে যাচ্ছে। ফলে জিওটেক্সে টান পড়ছে। আর এ কারণেই ধসের ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ধস রোধে প্রয়োজনীয় সব উপকরণ মজুদ রয়েছে। সেগুলো ধস নামার স্থানে নিক্ষেপ করা হচ্ছে। তবে আড়াই কিলোমিটারের পুরো বাঁধটিই এখন ঝুঁকির মধ্যে রয়েছে বলে তিনি স্বীকার করেন।সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হোসেন সাংবাদিকদের বলেন, নদীতে ক্যাপিটাল ড্রেজিং চালু করার কথা রয়েছে। এটি এখন পর্যন্ত চালু না হওয়ায় প্রতিনিয়ত নদীর পানির গতিপথ পরিবর্তিত হচ্ছে। তা ছাড়া বাঁধ নির্মাণের পর থেকে প্রয়োজনীয় সংস্কার ও পুনর্বাসন কাজও করা হয়নি বলে অভিযোগ রয়েছে। সিরাজগঞ্জ শহরকে ভাঙনের কবল থেকে স্থায়ীভাবে রক্ষা করতে ১৯৯৭ সালে প্রায় সাড়ে তিন শ কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার দীর্ঘ শহর রক্ষা বাঁধ (হার্ড পয়েন্ট) নির্মাণ করা হয়। নির্মাতা প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার হুন্দাই বাঁধটি ১০০ বছর স্থায়ী হবে বলে নিশ্চয়তা দিয়েছিল। কিন্তু নির্মাণ শেষ হওয়ার কয়েক দিন পরই বাঁধে ধস নামে।