সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে ধস
সিরাজগঞ্জে যমুনা নদীর স্থায়ী শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় ১০০ মিটার অংশ ধসে গেছে। গত বৃহস্পতিবার রাতে এই ধসের ঘটনা ঘটে। এতে শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাঁধে ধসের পর হার্ড পয়েন্ট এলাকা পর্যবেক্ষণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, পানির ঘূর্ণাবর্তের কারণে বাঁধের নিচের অংশ থেকে মাটি সরে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। তবে বালুর বস্তা ও সিসি ব্লক ফেলে ধস নিয়ন্ত্রণে আনা হয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।পাউবো সিরাজগঞ্জ বিশেষায়িত শাখা সূত্র ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে সিরাজগঞ্জ শহরের পুরোনো জেলখানার কাছে হার্ড পয়েন্ট এলাকায় ১০ মিনিটের মধ্যে প্রায় ১০০ মিটার দীর্ঘ এবং প্রস্থে প্রায় ২০ মিটার অংশ ধসে যায়। খবর পেয়ে প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ধসে যাওয়া স্থানে তাঁদের উপস্থিতিইে কয়েক শ মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পাথর ও সিসি ব্লক নিক্ষেপ শুরু করে। এক ঘণ্টা পর ধস নিয়ন্ত্রণে আসে।এলাকার বেশ কয়েকজন জানায়, গত ৩০ জুলাই বাঁধের এই অংশের কাছে পানির নিচ থেকে বুদ্বুদের সঙ্গে বাঁশ ভেসে উঠতে থাকে। তাঁদের অভিযোগ, সে সময় বিষয়টি পাউবোকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।পাউবো সিরাজগঞ্জের বিশেষায়িত শাখার নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান জানান, সে সময় জরিপ করে এই এলাকায় বাঁধের তলদেশে দুটি গর্তের সন্ধান পাওয়া যায়। নির্দেশ দেওয়ার পর ঠিকাদারেরা সিসি ব্লক, বালুর বস্তা ও পাথর নিক্ষেপ শুরু করেছিলেন। এর পরও বাঁধে ধস নামল।হার্ড পয়েন্ট এলাকা পর্যবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ৯৮ সংমিশ্রিত ব্রিগেডের ১০ রিভারাইন ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের মেজর পঙ্কজ মল্লিক জানান, পর্যবেক্ষণ শেষে সার্বিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন জানান, বাঁধে আর যাতে ধস না নামে, সে জন্য জরুরি ভিত্তিতে বালুর বস্তা, পাথর ও সিসি ব্লক ফেলতে পাউবোর কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।যমুনার ভাঙন থেকে সিরাজগঞ্জ শহরকে রক্ষার জন্য ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার দীর্ঘ শহর রক্ষা বাঁধটি নির্মাণ করা হয়। কোরিয়ার হুন্দাই কোম্পানি এটি নির্মাণ করে। এর আগে ২০০৯, ২০১০ ও ২০১১ সালে এই বাঁধে ধস নামার ঘটনা ঘটে। পরে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে তা সংস্কার করা হয়।