যমুনা নদীর সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের পুরাতন জেলখানা ঘাটের সামনে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বাঁশ উঠতে থাকায় শহর রক্ষা বাঁধ (হার্ড পয়েন্ট) এলাকায় আবারও ধস আতঙ্ক বিরাজ করছে। তবে পাউবো বলছে, আতঙ্কের কিছু নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে যমুনা নদীর পুরাতন জেলখানা ঘাট এলাকায় বাঁধের তলদেশ থেকে বাঁশ উঠতে দেখেন সিরাজুল ইসলাম নামে এক শ্রমিক। বিষয়টি তিনি স্থানীয় পৌর কাউন্সিলর শাহিনকে জানান। শাহিন বিষয়টি পাউবোর কর্মকর্তাদের জানালে ঘটনাস্থলে ছুটে আসেন তাঁরা। এ সময় আরও ১০-১২টি বাঁশ নদীর তলদেশ থেকে ভেসে উঠতে দেখা যায়। এ ঘটনা জানাজানি হওয়ার পর শহরের কয়েক শ মানুষ হার্ড পয়েন্ট এলাকায় ভিড় করেন। পাউবো বিশেষায়িত শাখার নির্বাহী প্রকৌশলী সাজিদুল ইসলাম জানান, ব্যাথিমেট্রিক সার্ভে করা হয়েছে। বাঁধ থেকে নদী অভ্যন্তরে বেশ কয়েকটি গর্ত দেখা গেছে। তবে এগুলো বড় ধরনের কোনো সমস্যা নয়। ইতিমধ্যেই বালুর বস্তা আর সিসি ব্লক ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।