সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ ধসের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি
সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধটি ধসে যাওয়ার কারণ অনুসন্ধান করতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুয়েটের অধ্যাপক মনোয়ার হোসেনের নেতৃত্বে তদন্ত দলের সদস্যরা গত বৃহস্পতিবার থেকে ধসে যাওয়া স্থানে গিয়ে তদন্ত শুরু করেছেন। বাঁধের ধসে যাওয়া অংশে গতকাল শুক্রবার সকাল থেকে সিসি ব্লক ও বালুর বস্তা ফেলার কাজ শুরু হয়েছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের উত্তর পাশের প্রায় এক কিলোমিটার অংশ পুনরায় হুমকির মুখে পড়েছে। নৌবাহিনীর একটি ডুবুরি দল সেখানে সার্বক্ষণিকভাবে কাজ করছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, তীব্র স্রোত আর ঘূর্ণাবর্তের কারণে বাঁধের নিচ থেকে বালুর বস্তা ও ব্লক দ্রুত সরে যাচ্ছে। এসব এলাকায় নতুন করে প্রায় ৪৪ মিটার গভীরতার সৃষ্টি হয়েছে। নতুন করে ভাঙন শুরু হওয়ায় এ স্থান ভরাট করতে জরুরিভাবে বৃহস্পতিবার দরপত্র আহ্বান করা হয়েছে। ঠিকাদার নিযুক্ত হওয়ার পর শুক্রবার সকাল থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সিসি ব্লক ও বালুর বস্তা ফেলার কাজ শুরু হয়েছে।পাউবোর সিরাজগঞ্জ বিশেষায়িত শাখার নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক বলেন, ১৯ জুলাই বাঁধ ধসে যাওয়ার ব্যাপারে কর্মকর্তাদের কোনো গাফিলতি ছিল না। কর্মকর্তারা শহররক্ষা বাঁধের বেল মাউন্ট পর্যবেক্ষণ করেছেন। কিন্তু কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি।সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ ধসের কারণ অনুসন্ধানে গঠন করা তদন্ত কমিটির অন্য সদস্যরা হচ্ছেন পাউবোর সাবেক মহাপরিচালক মো. মোখলেসুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক মো. মকবুল হোসেন, নকশা বিভাগের নির্বাহী প্রকৌশলী মোতাহার হোসেন, পানি বিশেষজ্ঞ মোমিনুল হক ও এমাদ উদ্দীন আহমেদ।