সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের ৪০ মিটারে ধস
সাড়ে ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের নিম্নাঞ্চলে ৪০ মিটার এলাকা যমুনায় বিলীন হয়ে গেছে।
আজ শুক্রবার সকাল ছয়টা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত বাঁধের গয়লা মহল্লার সেকশন-ডি ৫৪০ থেকে ৫৮০ পর্যন্ত এলাকায় এই ধস নামে। শুষ্ক মৌসুমে আকস্মিক এই ধসে সিরাজগঞ্জ শহরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ধস ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সকাল থেকেই ক্ষতিগ্রস্ত এলাকায় বালিভর্তি জিওটেক্স বস্তা ও সিসি ব্লক ফেলা শুরু করেছে। সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেনসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
পানি উন্নয়ন বোর্ডের বিশেষায়িত শাখা (বিআরই) ও স্থানীয় সূত্রে জানা যায়, শুষ্ক মৌসুমের শুরুতেই আজ সকালে যমুনা নদীর সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা নামক স্থানে শহররক্ষা বাঁধে হার্ডপয়েন্টের তলদেশে আকস্মিক ধস দেখা দেয়। মুহূর্তের মধ্যেই বাঁধের তলদেশের প্রায় ৪০ মিটার অংশের সিসি ব্লক ও মাটি ধসে যায়।
সূত্রটি আরও জানায়, বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান হুন্দাই কোম্পানি লিমিটেডের বিখ্যাত নকশাকার হ্যালকোর নকশায় প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা ব্যয়ে ২০০০ সালে এই বাঁধ নির্মাণ শেষ হয়। নির্মাণের শেষ পর্যায়ে বেল মাউথে ভাঙন শুরু হলে তা মেরামত করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ২০০৯ সালের ১০ এবং ১৭ জুলাই দুদফায় বাঁধের ২১০ মিটার, ২০১০ সালের ১৯ জুলাই ৭০ মিটার, ২০১১ সালের ১৮ জুলাই, ২২ জুলাই ও ২৪ জুলাই তিন দফায় মোট ৩৫৫ মিটার ভেঙে যমুনার গর্ভে বিলীন হয়। এরপর ২০১৩ সালের ৮ জুলাই ভোরে এবং ১৮ সেপ্টেম্বর রাত ১১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত সেকশন-ডি এলাকার ১০০ মিটার এলাকা ধসে নদীগর্ভে বিলীন হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বিশেষায়িত শাখার নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম জানান, সম্প্রতি পানির স্তর অনেক নিচে চলে যাওয়ায় বাঁধের স্কাওয়ার হওয়া পকেটে পানি ঢোকায় এমনটি হতে পারে। পানির নিচের বিষয়টি আসলে পুরোপুরি নিরূপণ করা যায় না। ভাঙন এলাকায় বেথমেটিক সার্ভের কাজ শুরু করা হয়েছে। ধসের কারণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শুষ্ক মৌসুমে ধস নামার বিষয়টি সবাইকে ভাবিয়ে তুলেছে। তবে বালুর বস্তা ও সিসি ব্লক ফেলে ধস নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।