সিরাজগঞ্জ শহরে বিএনপির ঢিলেঢালা হরতাল পালিত
সিরাজগঞ্জ জেলা বিএনপির আহ্বানে ডাকা অর্ধদিবস হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। শহরের বাইরে সবকিছু স্বাভাবিক ছিল। সকাল থেকে শহরের কিছু দোকানপাট বন্ধ ছিল। তবে কোথাও হরতালের সমর্থনে কোনো পিকেটিং ও মিছিল করতে কাউকে দেখা যায়নি।সকালে শহর থেকে কোনো প্রকার দূরপাল্লার বাসসহ লোকাল বাস ছেড়ে না গেলেও নয়টার পর থেকে সব রুটে সব ধরনের যানবাহন চলাচল করেছে। বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে ঢাকা-বগুড়া-পাবনা-রাজশাহী সড়কে দূরপাল্লার কোচসহ বাস-ট্রাক চলাচল করেছে। জেলা আওয়ামী লীগ ও বিএনপির কার্যালয়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ বলেছেন, আগামী সাত দিনের মধ্যে সিরাজগঞ্জ পৌর মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলীসহ কারাবন্দী সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং পুলিশ বাহিনীর নির্যাতন, দমন, নিপীড়ন বন্ধ করা না হলে সিরাজগঞ্জের জাগ্রত সংগ্রামী জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার গণ-আন্দোলন গড়ে তোলা হবে।সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোকাদ্দেস আলীকে গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে জেলা বিএনপি জেলাব্যাপী এই অর্ধদিবস হরতাল আহ্বান করে।