
বাড়ির নম্বর ই/৩৩। দরজায় কড়া নাড়লে বেরিয়ে এলেন জাহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী। মুখে উদ্বেগ। জাহিদুল বাসশ্রমিক। বললেন, ১৫ বছর আগে দুই কামরার পাকা বাড়িটি তিনি কিনেছেন ৩০ হাজার টাকায়। অথচ বাড়িটি সিরাজগঞ্জ রেলওয়ের কর্মচারীদের বসবাসের জন্য তৈরি করা।
পাশের ই/৩৪ নম্বর বাড়িটি আরও সস্তায় কিনেছেন মো. বাবু, ২০ হাজার টাকায়। দলিল-দস্তাবেজ কিছু নেই। আগে যাঁরা থাকতেন, তাঁরাও রেলের কর্মচারী নন। অন্য জায়গায় চলে যাওয়ার সময় বাড়ি বেচে দিয়ে গেছেন। কাগজপত্র ছাড়াই বেচাকেনা। বাবুর ছোট্ট মুদিখানা আছে রেলস্টেশনের পাশেই। দোকানের সেই জায়গাটিও রেলের। অবশ্য তা কিনতে হয়নি।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেল, সিরাজগঞ্জ শহরে রেলওয়ে কোয়ার্টারের ৪০টি বাড়ির মধ্যে ৩০টিই এভাবে বেদখল হয়ে গেছে। রেলের এসব স্থাপনা দেখভালের দায়িত্ব যে কর্মকর্তার, সেই জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান নিজেও তাঁর জন্য নির্ধারিত বাড়ি পাননি। স্টেশনমাস্টারের বাড়িও বেদখল। স্টেশনমাস্টার শামিম আহমেদ বললেন, তিনি থাকেন ভাড়া বাসায়। কোয়ার্টারের মাত্র ১০টি বাড়িতে রেলের কর্মচারীরা থাকছেন।
স্থানীয় লোকজন বলেন, সিরাজগঞ্জবাসীর মধ্যে এমন কথা চালু আছে ‘শহরের দশ আনা সম্পত্তিই রেলের’। সেই সম্পত্তির সামান্যই এখন রেলের কাছে আছে। রেল কলোনির বাড়িগুলোর মতো জায়গাও বেদখল হয়েছে। রেলের জায়গায় গড়ে উঠেছে হাজার হাজার বসতবাড়ি, বহুতল মার্কেট, বিভিন্ন সংগঠনের কার্যালয়, বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা। শহরের চারটি রেলস্টেশনের মধ্যে বন্ধ হয়ে গেছে দুটি। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও আছে রেলের জায়গা দখলের কাতারে। জেলা প্রশাসন নিয়েছে রেলের প্রায় ১০০ একর জমি।
সিরাজগঞ্জে রেলের কানুনগো সরিফুল ইসলাম বলেন, শহরে রেলের জায়গা ছিল রায়পুর, ভূতের দিয়ার ও ভাঙাবাড়ি—এই তিন মৌজায় প্রায় ৬২০ একর। এখন স্টেশন ও রেল ইয়ার্ড মিলিয়ে সম্বল আছে কম-বেশি ১০০ একরের মতো। তাঁরা অবৈধ দখল উচ্ছেদের জন্য বহুবার চেষ্টা করেছেন। তবে দখলদারেরা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় কিছু করতে পারেননি।
সিরাজগঞ্জে রেলের সম্পত্তিসহ অন্যান্য আইনগত বিষয় তদারকির জন্য উপদেষ্টা হিসেবে নিযুক্ত আছেন জেলা আইনজীবী বার সমিতির সভাপতি মো. নুরুল আমিন। তিনি বলেন, সম্পত্তি উদ্ধারের জন্য মামলার পরামর্শ দিলেও রেল মামলা করেনি। বিশেষ করে জেলা প্রশাসন ‘রিজিউম’ করে যে বিপুল সম্পত্তি নিয়েছে, তা মামলা করলে ফেরত পাওয়া যেত।
জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন বলেন, জেলা প্রশাসন প্রায় ১০০ একর জমি রিজিউম করেছে। ১৯৮২ সালের ভূমি অধিগ্রহণ আইন অনুসারে তাঁরা রিজিউম করতে পারেন। অন্য দখলদারদের উচ্ছেদ করা প্রসঙ্গে তিনি বলেন, শহরের প্রায় দেড় কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। সেই লোকেরা রেলের জায়গায় আশ্রয় নিয়েছে। প্রাকৃতিক বিপর্যয় ও মানুষের অসহায়ত্বের বিষয়টি বিবেচনায় রাখতে হয়েছে।