সিরাজগঞ্জ হকার্স কল্যাণ সমিতির নেতা ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ হকার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাকে ছুরিকাঘাত ও মারপিট করে টাকা ও মুঠোফোন ছিনতাই হয়েছে। গত সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও সংগঠনের নেতারা জানান, সোমবার ভোরে পত্রিকা বিলি করার জন্য গোলাম মোস্তফা শহরের বাজার স্টেশনে যাচ্ছিলেন। বাড়ি থেকে বের হয়ে শহরের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের পেছনের গলি দিয়ে যাওয়ার সময় একদল ছিনতাইকারী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো ছুরি দিয়ে তাঁর মাথায় একাধিক জখম করে ১৩ হাজার ৫০০ টাকা ও একটি মুঠোফোন ছিনতাই করে পালিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংগঠনের নেতারা প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে ছিনতাইকারীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) নূরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি জিডি করা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।