সিরাজগঞ্জ-৩ উপনির্বাচন: কাল থেকে আ. লীগের মনোনয়ন বিক্রি

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের উপনির্বাচনের জন্য মনোনয়ন বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। আগামীকাল শনিবার থেকে সোমবার প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ মনোনয়ন বিক্রি চলবে।
আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফি ২৫ হাজার টাকা জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
আজ শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আওয়ামী লীগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ১৭ নভেম্বর সোমবার সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার হবে।
গত ৬ অক্টোবর ঈদের দিন সিরাজগঞ্জের রায়গঞ্জের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বগুড়া নেওয়ার পথে মারা যান সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ ইসহাক হোসেন তালুকদার। নির্বাচন কমিশন গত মঙ্গলবার উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা ২০ নভেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ২২ নভেম্বর যাচাইবাছাইয়ের পর ৩০ নভেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর।